বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

বালোচিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪০

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
বালোচিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪০
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাওয়ায় মৃত্যু হয়েছে অন্তত ৪০ জন যাত্রীর। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আট জন। শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বালোচিস্তান ও খাইবার পাখতুনখোয়া সীমান্তের কাছে, শেরানি-ঝোব জাতীয় সড়কে।

স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে রওনা হয়েছিল রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে। সকালের দিকে দানাসর এলাকার পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎই বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পরেই গাড়িটি রাস্তা থেকে ছিটকে সোজা গিয়ে পড়ে কয়েকশো ফুট গভীর একটি খাদে। পাহাড়ি খাড়া রাস্তা হওয়ায় বাসটি উল্টে একেবারে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। খাদের গভীরতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে প্রথমে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়। দুর্ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয় ৪০টি নিথর দেহ। মৃতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। আহত আট জনকে উদ্ধার করে দ্রুত কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তা পিচ্ছিল ছিল। একই সঙ্গে অতিরিক্ত গতির কারণেই চালক গাড়িটির নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বালোচিস্তানের মুখ্যমন্ত্রী এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসার সুবন্দোবস্ত করার নির্দেশ দিয়েছেন তাঁরা।

আরও বিদেশ খবর