বেলুচিস্তানে কয়েক মাস নিখোঁজ থাকার পর ১৭ বছরের কিশোরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। এবার তুরবত-পাসনি সড়কের কাছ থেকে গত কয়েক মাস ধরে নিখোঁজ থাকা এক ১৭ বছর বয়সী এক বেলুচ কিশোরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট-এর এক প্রতিবেদনে এই খবর নিশ্চিত করা হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুন মাসে অজ্ঞাতপরিচয় একদল সশস্ত্র ব্যক্তি ওই কিশোরকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার পর থেকেই সে নিখোঁজ ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর সম্প্রতি তার ক্ষতবিক্ষত ও গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়, যা এই অঞ্চলে চলমান "তুলে নিয়ে গিয়ে হত্যা" (Kill and Dump) নীতির দিকেই নির্দেশ করছে বলে সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা।
কেবল তুরবত নয়, প্রদেশের সুরব এবং পঞ্জগুর জেলা থেকেও পৃথক হিংসার খবর পাওয়া গেছে। সুরব জেলায় জমি আন্দোলনের সাথে যুক্ত এক কৃষক সংগঠনের দাবি অনুযায়ী, এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। অন্যদিকে, পঞ্জগুর জেলাতেও পৃথক এক হামলার ঘটনায় আরও এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে।
বেলুচিস্তানের এই ধারাবাহিক হত্যাকাণ্ড এবং রহস্যজনকভাবে সাধারণ মানুষকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় একাধিক মানবাধিকার সংগঠন। এই অরাজক পরিস্থিতি রুখতে তারা অবিলম্বে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

