বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ ফুটবল বিশ্বকাপ শুরু হতে না হতেই ওপার বাংলায় চরমে পৌঁছেছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা। তবে এই ফুটবল প্রীতিই এখন রূপ নিচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষে। পতাকা টাঙানো এবং প্রিয় দলের সমর্থনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একের পর এক অশান্তির খবর সামনে আসছে। এবার এমনই এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটল বাংলাদেশের লক্ষ্মীপুর সদর উপজেলায়। পতাকা টাঙানো নিয়ে বিরোধের জেরে এক আর্জেন্টিনা সমর্থকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল ব্রাজিল ভক্তদের বিরুদ্ধে।

গুরুতর আহত ওই আর্জেন্টিনা সমর্থকের নাম আজাদ হোসেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বকাপের আমেজে নিজের বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা টাঙাচ্ছিলেন আজাদ। সেই সময় স্থানীয় কয়েকজন ব্রাজিল সমর্থক সেখানে এসে বাধা দেন এবং পতাকা টাঙাতে নিষেধ করেন। এই নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, বিবাদ চরমে পৌঁছলে ব্রাজিল সমর্থকেরা আচমকাই ধারালো অস্ত্র নিয়ে আজাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
রক্তাক্ত অবস্থায় আজাদ মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই ধরণের অনভিপ্রেত ঘটনা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। ফুটবল নিয়ে এই অন্ধ আবেগ এবং রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের সাধারণ মানুষ ও প্রশাসন।