বিদেশ
দিল্লির ব্রিকস সম্মেলনে আসবেন তারেক? জল্পনা ঢাকায়
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। ভারতের সভাপতিত্বে আয়োজিত এই মেগা সম্মেলনের মূল আকর্ষণ শুধুমাত্র সদস্য রাষ্ট্রগুলির বৈঠকই নয়, বরং এর বিশেষ ‘আউটরিচ’ বা সম্প্রসারিত অধিবেশন। যেখানে আমন্ত্রিত হয়েছেন বিভিন্ন আঞ্চলিক জোটের রাষ্ট্রপ্রধানেরা। এই আবহে আন্তর্জাতিক কূটনীতির অলিন্দে এখন সবচেয়ে বড় জল্পনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
নয়াদিল্লির পক্ষ থেকে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হলেও, ঢাকা এখনও পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনও সবুজ সংকেত দেয়নি। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অথবা সম্মেলনে যোগদানের বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে তিনি একটি বিষয় অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন। বিদেশমন্ত্রীর কথায়, ব্রিকসের সাধারণ সদস্য হিসেবে নয়, বরং বিমসটেক (BIMSTEC) জোটের বর্তমান সভাপতি হিসেবেই তারেক রহমানকে এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর দায়িত্ব নিয়েই পৃথকভাবে ভারতে দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণ পেয়েছিলেন তারেক রহমান। সেই দিক থেকে দেখলে, ঢাকার দরবারে এখন ভারতের দুটি আমন্ত্রণপত্র জমা রয়েছে— একটি দ্বিপাক্ষিক সফরের এবং অন্যটি ব্রিকসের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার। ঢাকা এখন দু'টি প্রস্তাবই খতিয়ে দেখছে। ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার, শেষ পর্যন্ত আগামী মাসে সাউথ ব্লকের আমন্ত্রণে তারেক রহমান সাড়া দেন কি না।

