আর্থিক অনিয়ম ও প্রেমের কেলেঙ্কারিতে বিদ্ধ ফিফা প্রধান ইনফান্তিনো
নিজস্ব প্রতিনিধি: একের পর এক বিতর্কে জড়িয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার (FIFA) অন্দরে চরম অস্বস্তিতে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার তাঁর বিরুদ্ধে উঠল গুরুতর আর্থিক অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর একটি বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউরোপীয় ফুটবল নিয়ামক সংস্থা উয়েফার (UEFA) সাধারণ সচিব পদে থাকাকালীন এক মহিলা সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ইনফান্তিনো। অভিযোগ, সেই প্রাক্তন প্রেমিকাকে উয়েফার ভাঁড়ার থেকে মোটা অঙ্কের টাকা ও বহুমূল্য উপহার পাইয়ে দিতে নিজের পদের অপব্যবহার করেছিলেন বর্তমান ফিফা প্রধান।এই খবরটি প্রকাশ্যে আসতেই আন্তর্জাতিক ফুটবল মহলে তোলপাড় শুরু হয়েছে। তবে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা এই সমস্ত অভিযোগ পত্রপাঠ খারিজ করে দিয়েছে। ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ইনফান্তিনোর বিরুদ্ধে আনা এই আর্থিক দুর্নীতি ও ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক। সংস্থার দাবি, সভাপতি পদ থেকে ইনফান্তিনোকে সরানোর জন্য একটি নির্দিষ্ট মহল ‘পরিকল্পিত ভাবে’ কুৎসা রটাচ্ছে এবং চক্রান্ত করছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই পুরনো এবং ভিত্তিহীন কিছু বিষয়কে নতুন করে বড় করে দেখানোর চেষ্টা হচ্ছে।

