বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

মাঠে বলের লড়াই তবে ডেটিং অ্যাপে চলছে প্রেমের ‘ম্যাচ’!

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
মাঠে বলের লড়াই তবে ডেটিং অ্যাপে চলছে প্রেমের ‘ম্যাচ’!
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিবেদন: ফুটবল নিয়ে উন্মাদনা শুধু মাঠের সবুজ ঘাস কিংবা গ্যালারির গগনভেদী চিৎকারে আটকে নেই। গোল করার সেই চেনা তাগিদ এবার ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল দুনিয়াতেও। সৌজন্যে— ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ উদ্যোগে আয়োজিত এই ফুটবল মহাযজ্ঞে অংশ নিতে বিশ্বের কোণায় কোণায় থেকে উত্তর আমেরিকায় ভিড় জমিয়েছেন লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী। আর খেলা দেখার ফাঁকে স্থানীয় বাসিন্দা ও ভিনদেশি দর্শকদের মেলবন্ধনের এক অনন্য মঞ্চ হয়ে উঠেছে জনপ্রিয় ডেটিং অ্যাপগুলি। ইউএনএন (UNN)-এর প্রকাশিত সাম্প্রতিক আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, গত বছরের জুনের তুলনায় চলতি ফুটবল মরসুমে ডেটিং অ্যাপ টিন্ডারে (Tinder) ব্যবহারকারীদের সোয়াইপ করার সংখ্যা এক ধাক্কায় অন্তত ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ফুটবল বিশ্বকাপের মতো আন্তর্জাতিক মঞ্চে বিভিন্ন দেশের সংস্কৃতির আদানপ্রদান নতুন কিছু নয়। তবে প্রযুক্তির হাত ধরে সেই আদানপ্রদানে এবার লেগেছে প্রেমের ছোঁয়া। টিন্ডারের অভ্যন্তরীণ তথ্য বিশ্লেষণ করে ফাস্ট কোম্পানি (Fast Company) জানাচ্ছে, বিশ্বকাপ দেখতে যাওয়া ভিনদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে প্রায় ৪৭ শতাংশ দর্শক স্থানীয়দের সঙ্গে পরিচিত হতে এই ডেটিং অ্যাপটি ব্যবহার করছেন। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১৫ শতাংশ এবং ভার্চুয়াল ‘ম্যাচ’ বা যুগলবন্দি হওয়ার হার প্রায় ৬০ শতাংশ লাফিয়েছে।

যেসব শহরে বিশ্বকাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ডেটিং অ্যাপের ব্যস্ততা চোখে পড়ার মতো।
•    মন্তেনরে (মেক্সিকো): সুইডেন বনাম তিউনিসিয়া ম্যাচের দিন এই শহরের আশেপাশে ব্যবহারকারীদের সক্রিয়তা প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। 
•    গুয়াদালাহারা (মেক্সিকো): দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্রের দ্বৈরথের দিন এই অঞ্চলে অ্যাক্টিভিটি বেড়েছে ৭৪ শতাংশ।
•    বস্টন (আমেরিকা): ইরাক বনাম নরওয়ে ম্যাচের দিন বস্টনের পাবগুলোতে যেমন বিয়ারের আকাল দেখা দিয়েছিল, তেমনই টিন্ডারেও উছলে উঠেছিল প্রেম। সেখানে সক্রিয়তা বাড়ে ৪৭ শতাংশ।
অনেকে আবার সশরীরে উত্তর আমেরিকায় পা রাখার আগেই টিন্ডারের বিশেষ ‘পাসপোর্ট মোড’ ব্যবহার করে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস বা মায়ামির মতো শহরের স্থানীয়দের সঙ্গে আলাপ জমিয়ে রাখছেন। এই তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন ব্রিটেন, ব্রাজিল, থাইল্যান্ড এবং নাইজেরিয়ার ফুটবলপ্রেমীরা। সব মিলিয়ে, মাঠে প্রিয় দলের জয়-পরাজয় যাই হোক না কেন, ডেটিং অ্যাপের দুনিয়ায় যে দেদার ‘গোল’ হচ্ছে, তা বলাই বাহুল্য।

আরও বিদেশ খবর