বিদেশ
ইরানের তিন তেলবাহী ট্যাঙ্কার ওড়াল মার্কিন সেনা
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজে হামলার মোক্ষম বদলা নিল আমেরিকা। শনিবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন জলসীমায় অভিযান চালিয়ে ইরানের ৩টি তেলবাহী বিশালাকার ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে দিল মার্কিন সেনা। আমেরিকার সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি সরকারি বিবৃতিতে এই অভিযানের কথা দাবি করেছে। একইসঙ্গে মার্কিন প্রশাসন স্পষ্ট করেছে, ইরানের পূর্ববর্তী হামলায় কোনও মার্কিন আধিকারিক বা সেনার ক্ষতি হয়নি।
সেন্টকম তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, তেহরানের ব্যর্থ হামলার পালটা হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রথম অভিযানে খার্গ দ্বীপের উপকূলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)-এর তেলবাহী ট্যাঙ্কার ‘এম/টি ডাউনি’ এবং জাস্ক বন্দরের কাছে ‘এম/টি স্টার্ক ১’-কে ধ্বংস করে দেওয়া হয়। এর পাশাপাশি ওমান উপসাগরে ইরানের আরও একটি তেলবাহী ট্যাঙ্কার ‘এম/টি কাইলো’ (যা ‘নক্সেন’ নামেও পরিচিত) মার্কিন বাহিনীর হানায় সমুদ্রের বুকে তলিয়ে যায়। তবে চরম পদক্ষেপ করার আগে মানবিকতার খাতিরে জাহাজের নাবিক ও নৌকর্মীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে মার্কিন সেনা সূত্রে জানানো হয়েছে।
এই সফল অভিযানের পর ইরানের সশস্ত্র বাহিনীকে কড়া বার্তা দিয়েছেন সেন্টকম-এর কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তেহরানকে কার্যত হুমকি দিয়ে তিনি বলেন, “আইআরজিসি-র কাছে আমাদের বার্তা অত্যন্ত স্পষ্ট: আপনারা যদি আমাদের দু’টি জাহাজে গুলি চালান, তবে আপনাদের তার চেয়েও অনেক বড় মূল্য চোকাতে হবে। আমরা সরাসরি আপনাদের তিনটি জাহাজ ধ্বংস করে বুঝিয়ে দিয়েছি, নিজেদের বাহিনীকে রক্ষা করতে আমেরিকা বিন্দুমাত্র দ্বিধা করবে না।” মার্কিন সেনার এই চরম প্রত্যাঘাতের পর মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন করে যুদ্ধকালীন উত্তেজনা তৈরি হয়েছে।

