বিদেশ
তিন জঙ্গি নেতার 'চাকরি' খেল আইএসআই
প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: এক ধাক্কায় ক্ষমতা হারাল হাফিজ় মহম্মদ সইদ, মৌলানা মাসুদ আজ়হার এবং সৈয়দ মহম্মদ ইউসুফ শাহ ওরফে সৈয়দ সালাহউদ্দিন। পাকিস্তানি তিন কুখ্যাত জঙ্গি সংগঠনের রাশ এবার সরাসরি নিজেদের হাতে তুলে নিল পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। গোয়েন্দা সূত্রের খবর, লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের এই তিন শীর্ষ নেতাকে কার্যত তাঁদের পদ থেকে একপ্রকার সরিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে আর সহযোগী হিসেবে নয়, এই তিন সংগঠনের সমস্ত অপারেশন ও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে খোদ আইএসআই।
দীর্ঘদিন ধরেই ভারতের মাটিতে নাশকতা ছড়াতে এই জঙ্গি সংগঠনগুলিকে ঢাল হিসেবে ব্যবহার করত ইসলামাবাদ। কিন্তু বিশ্বমঞ্চে বারবার কোণঠাসা হওয়া এবং আন্তর্জাতিক নজরদারির চাপে পড়ে এবার রণকৌশল বদলাতে বাধ্য হলো পাকিস্তান। গোয়েন্দাদের দাবি, হাফিজ়, মাসুদ এবং সালাহউদ্দিনের মতো চেনা মুখগুলিকে সামনে রেখে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক মহলে বারবার মুখ পুড়ছিল পাক প্রশাসনের। সেই কারণেই এই তিন মাথাকে পিছনের সারিতে ঠেলে দিয়ে সরাসরি সংগঠনের রাশ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ছক কষেছে পাক গুপ্তচর সংস্থা।
বিশেষজ্ঞদের মতে, এই বদলের ফলে জঙ্গি সংগঠনগুলির কার্যকলাপে আইনি ও কৌশলগত সুবিধা পাবে আইএসআই। একই সঙ্গে বিশ্বমঞ্চে জঙ্গি দমনের একটা ভুয়ো ছবি দেখানোর চেষ্টাও করতে পারে পাকিস্তান। তবে ভারতের নিরাপত্তা আধিকারিকরা এই ঘটনায় চরম সতর্কবার্তা জারি করেছেন। গোয়েন্দাদের অনুমান, শীর্ষ নেতারা কোণঠাসা হলেও কাশ্মীর উপত্যকা এবং ভারতের অন্যান্য প্রান্তে নাশকতা ছড়ানোর চক্রান্ত কমবে না। বরং এবার সরাসরি পাক সেনার মদতপুষ্ট আইএসআই-এর অধীনে আরও সুপরিকল্পিত এবং গোপন উপায়ে হামলা চালানোর চেষ্টা করতে পারে এই সংগঠনগুলি। ফলে সীমান্ত জুড়ে নজরদারি আরও কড়া করা হয়েছে।

