বিদেশ
থানার গ্রিল ভেঙে পালানো নারী আসামি থেকে ফের গ্রেপ্তার
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের মাদারীপুর সদর মডেল থানার বারান্দার লোহার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া সেই চতুর নারী আসামিকে অবশেষে ফের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জিয়ানগর এলাকার একটি গোপন ডেরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুর জেলা পুলিশ ও কেরানীগঞ্জ থানার যৌথ অভিযানে এই সাফল্য এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ওই নারী আসামির নাম হাসিনা বেগম (৩৫)। তিনি মাদারীপুর পৌরসভার থানতলী এলাকার হবি হাওলাদারের মেয়ে এবং সদর উপজেলার কালাইমারা এলাকার আল-আমিনের স্ত্রী। একটি চুরির মামলায় জড়িত থাকার অভিযোগে গত বুধবার তাঁকে গ্রেপ্তার করেছিল মাদারীপুর সদর থানা পুলিশ।
এর পর, গত বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ থানার পুলিশ কর্মীদের নজর এড়িয়ে হাজত সংলগ্ন বারান্দার জানালার গ্রিল ভেঙে চম্পট দেন হাসিনা। একজন নারী আসামি সশরীরে থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়ায় পুলিশের নিরাপত্তা ও নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। ঘটনার পর থেকেই মাদারীপুর জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। আসামিকে পুনরায় হেফাজতে নিতে তৎক্ষণাৎ পুলিশের একাধিক বিশেষ দল গঠন করে চিরুনি তল্লাশি শুরু করা হয়।
তদন্তে নেমে পুলিশ প্রযুক্তিগত নজরদারি ও গোপন সূত্রের মাধ্যমে জানতে পারে, হাসিনা মাদারীপুর ছেড়ে পালিয়ে ঢাকার কেরানীগঞ্জে আশ্রয় নিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতেই আজ ভোরে জিয়ানগর এলাকার একটি বাড়িতে আচমকা হানা দেয় পুলিশ। সেখান থেকেই তাঁকে ধরে ফেলা হয়। মাদারীপুর সদর থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সরকারি হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অপরাধে হাসিনার বিরুদ্ধে নতুন করে মামলা রুজু করা হচ্ছে। পাশাপাশি, থানার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

