গুলিতে ঝাঁজরা পাকিস্তান বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন
নিজস্ব প্রতিনিধি: ইসলামাবাদের রাস্তায় ফের চলল গুলি। তরুণীকে বাঁচাতে গিয়ে ঝাঁজরা পাকিস্তান বায়ু সেনার গ্রুপ ক্যাপ্টেন। ফ্লিমি কায়দায় চালানো হয় গুলি। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এক তরুণীকে অপহরণের চেষ্টার সময় তিনি তাকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন। তখনই তাঁকে গুলি করা হয়। গাড়িতে ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর। ওই গাড়ি থেকেই তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম আসীম তারিক। পাকিস্তানের বায়ু সেনার গোয়েন্দা বিভাগে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন তিনি। রবিবার এই খুনের ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের শাহিন চক এলাকায়। হামলার ঘটনায় রিপোর্ট তলব করছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
যদিও সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামাবাদ পুলিশের আইজি আলি নাসির রিজ়ভি। ওই আধিকারিককে হত্যার ৯ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ওই হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। কী কারণে বায়ু সেনার আধিকারিককে হত্যা করা হয় তা নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় এক যুবক রাস্তা থেকে এক মহিলাকে অপহরণ করার চেষ্টা করছিলেন।নিজের মোটরসাইকেলে এক মহিলাকেজোর করে তোলার চেষ্টা করছিলেন ওই যুবক। সেই সময়েই গাড়ি নিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন আসিম তারিক। তা দেখেই তিনি তাতে বাধা দিতে আসেন। আসিমের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটিও হয়। তখন অন্য প্রান্তে চলে আসেন ওই তরুণী। আসিমও নিজের গাড়িতে বসে। তখনই আচমকা আগ্নেয়াস্ত্র বের করেন ওই মোটরসাইকেল আরোহী। আসিমকে গুলি করে এলাকা থেকে পালিয়ে যান তিনি।

