বিদেশ
আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের বিমান হানা: চড়ছে উত্তেজনার পারদ
প্রকাশিত: ১১ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের বিমান হানাকে (এয়ার স্ট্রাইক) কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়েছে দুই প্রতিবেশী দেশের মধ্যে। পাকিস্তানের দাবি, তাদের চালানো এই নিখুঁত হামলায় অন্তত ২৬ জন জঙ্গি নিহত হয়েছে। তবে পাকিস্তানের এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে আফগান সরকার পালটা দাবি করেছে, এই হামলায় সাধারণ নাগরিকসহ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১ জনই শিশু।
আফগানিস্তানের তালিবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের এই বিমান হামলায় অন্তত ১৪ জন সাধারণ নাগরিক গুরুতর জখম হয়েছেন। নিরীহ শিশুদের ওপর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে কাবুলের পক্ষ থেকে ইসলামাবাদকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আফগান সরকারের মুখপাত্র জানিয়েছেন, এই রক্তক্ষয়ী আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং এর যোগ্য জবাব দেওয়া হবে।
অন্য দিকে, পাকিস্তানের সামরিক সূত্রের দাবি, সীমান্ত পেরিয়ে আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের মাটিতে একের পর এক জঙ্গি হামলা চালানো হচ্ছিল। সেই সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করতেই এই নির্দিষ্ট এয়ার স্ট্রাইক চালানো হয়েছে।এই বিমান হানার পর দুই দেশের সীমান্ত জুড়েই চরম সতর্কতা জারি করা হয়েছে। কূটনৈতিক মহলের মতে, এই ঘটনার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও তলানিতে ঠেকল এবং সীমান্তে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হলো।

