বিদেশ
ইজরায়েলি জেলে প্যালেস্টাইনি বন্দিদের ওপর অকথ্য যৌন নির্যাতনের অভিযোগ
প্রকাশিত: ১১ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ প্যালেস্টাইনের বন্দিদের জন্য ইজরায়েলের জেলখানাগুলো যেন এক একটি জীবন্ত নরক হয়ে উঠেছে। সেখানে বন্দিদের ওপর কেবল অমানুষিক শারীরিক অত্যাচারই করা হতো না, বরং ইজরায়েলি সেনা ও মহিলা নিরাপত্তারক্ষীরা মিলে তাঁদের ওপর পাশবিক যৌন নির্যাতন এবং ধর্ষণও চালাত। সম্প্রতি ইজরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া বেশ কয়েকজন বন্দির দেওয়া ভয়ংকর ও লোমহর্ষক অভিজ্ঞতার ভিত্তিতে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
‘বডিজ অফ এভিডেন্স: ইসরায়েল’স ডার্কেস্ট ওয়েপন’ নামের এই তথ্যচিত্রটি প্রকাশ্যে আসতেই গোটা বিশ্বজুড়ে তীব্র চাঞ্চল্য এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। মুক্ত পাওয়া বন্দিরা জানিয়েছেন, ইজরায়েলি ডিটেনশন ক্যাম্প বা বন্দিশালাগুলোতে প্যালেস্টাইনিদের ওপর এই ধরনের যৌন সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইজরায়েলি সেনাবাহিনী এটিকে যুদ্ধের একটি পদ্ধতিগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। বন্দিদের সম্পূর্ণ নগ্ন করে, চোখ ও হাত বেঁধে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে এই পাশবিক নির্যাতন চালানো হতো। এমনকি এই অত্যাচারের দৃশ্য ক্যামেরায় ভিডিও করে রাখা হতো এবং উপস্থিত সেনা ও মহিলা রক্ষীরা তা দেখে আনন্দ উল্লাস করত।
বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এই ধরনের প্রাতিষ্ঠানিক ও নিয়মতান্ত্রিক অত্যাচারের অকাট্য প্রমাণ মেলার পর, এই যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত মূল অপরাধী এবং ইজরায়েলি সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতে শাস্তির মুখোমুখি করার দাবি জোরালো হচ্ছে।

