বিদেশ
যুদ্ধের গ্রাসে মিত্তলের কারখানা: ধ্বংসাবশেষ ক্রিভি রিহ
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: রুশ-ইউক্রেন যুদ্ধের প্রলয়ঙ্করী আগুনে এবার ছাই হয়ে গেল ভারতীয় ধনকুবের লক্ষ্মী মিত্তলের ইস্পাত কারখানা। ইউক্রেনের ক্রিবী রীহ (Kriviy Rih) শহরে অবস্থিত ‘আর্সেলর মিত্তল’ (ArcelorMittal) সমূহের এই মেগা স্টিল প্ল্যান্টটি রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের জন্মশহরে রাশিয়ার এই বেলাগাম ও ভয়াবহ বিমান হানায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। রবিবারের এই হামলার পর নিরাপত্তার স্বার্থে কারখানার সমস্ত উৎপাদন ও কাজকর্ম অনির্দিষ্টকালের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক কূটনৈতিক মহল মনে করছে, গত রবিবার রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের চালানো বিধ্বংসী ড্রোন হামলার বদলা নিতেই এই প্রতি-আক্রমণ সাজিয়েছিল ভ্লাদিমির পুতিনের সেনা। পালটা জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজের শহর ক্রিভি রিহ-কে টার্গেট করে ক্রুজ ও ব্যালেস্টিক মিসাইল ছোড়ে মস্কো। আর সেই ক্ষেপণাস্ত্রের সরাসরি আছড়ে পড়ে ভারতীয় শিল্পপতির ওই কারখানার ওপর। বিস্ফোরণের তীব্রতায় কারখানা চত্বরে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।
এই বর্বরোচিত হামলা প্রসঙ্গে সরব হয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ক্রিভি রিহ শহরে রাশিয়ার এই ব্যালেস্টিক মিসাইল হানায় এখনও পর্যন্ত এক পুরুষ এবং এক মহিলা সহ মোট ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়াও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৪ জন নাগরিক। জেলেনস্কির অভিযোগ, রাশিয়া আন্তর্জাতিক যুদ্ধনীতি লঙ্ঘন করে বেছে বেছে সাধারণ মানুষের পরিকাঠামো ব্যবস্থা এবং শিল্পক্ষেত্রগুলিকে টার্গেট করছে, যাতে ইউক্রেনকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া যায়। বিশ্বখ্যাত ভারতীয় শিল্পপতির কারখানায় এই হামলার ঘটনায় আন্তর্জাতিক স্তরে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।

