বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

দক্ষিণ আফ্রিকায়  উত্তেজনা, সেনা ও পুলিশ মোতায়েন

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
দক্ষিণ আফ্রিকায়  উত্তেজনা, সেনা ও পুলিশ মোতায়েন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার চরমসীমা শেষ হতেই ব্যাপক সহিংসতার আশঙ্কায় দক্ষিণ আফ্রিকা জুড়ে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। দেশজুড়ে পরিকল্পিত অভিবাসী বিরোধী বিক্ষোভের আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধান প্রধান শহর ও জনপদে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দেশের অর্থনৈতিক রাজধানী জোহানেসবার্গের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে সেনা ও পুলিশের কড়া টহলদারি লক্ষ্য করা গেছে। সহিংসতার আশঙ্কায় বহু ব্যবসায়ী এদিন দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

 'মার্চ অ্যান্ড মার্চ' নামক একটি কট্টর অভিবাসী বিরোধী নজরদারি (Vigilante) গোষ্ঠী ৩০ জুন তারিখের মধ্যে সমস্ত অবৈধ অভিবাসীকে দেশ ছাড়ার একটি অনানুষ্ঠানিক আলটিমেটাম দিয়েছিল। গোষ্ঠীর নেত্রী জাসিন্তা এনগোবেসে-জুমা দাবি করেছেন, "আমরা কোনো সহিংসতার ডাক দিচ্ছি না। ৩০ জুন আমাদের নামে কোনো রক্তপাত বা লুটপাট হবে না।"

 আয়োজকরা শুধুমাত্র নথিপত্রহীন বা অবৈধ অভিবাসীদের লক্ষ্য করার কথা বললেও, বৈধ নথিপত্র থাকা বহু বিদেশি নাগরিকও পরিকল্পিত হয়রানির অভিযোগ তুলেছেন।
গত মে ও জুন মাস জুড়ে জোহানেসবার্গ এবং ডারবান শহরে লাঠিহাতে একদল মানুষকে দোকানপাটে গিয়ে অভিবাসীদের জেরা এবং মারধর করতে দেখা গেছে। তারা জুলু ও খোসা ভাষায় "আবাহাম্বে" (যার অর্থ 'তাদের চলে যেতে হবে') বলে স্লোগান দিচ্ছিল। দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশ মোজাম্বিক জানিয়েছে, এই সাম্প্রতিক সহিংসতায় ইতিমধ্যেই তাদের ৫ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।

এর আগে ২০০৮ সালের ভয়াবহ অভিবাসী বিরোধী দাঙ্গায় দক্ষিণ আফ্রিকায় ৬২ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২১ সালের জুলাই মাসে প্রাক্তন প্রেসিডেন্ট জ্যাকব জুমার গ্রেফতারিকে কেন্দ্র করে হওয়া দাঙ্গায় ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হন। সেই ধরনের গণ-লুটপাট ও গোষ্ঠী সংঘর্ষ এড়াতেই এবার আগেভাগে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সাঁজোয়া গাড়ি ও সেনা নামানো হয়েছে।

জনগণের একাংশের দাবি দক্ষিণ আফ্রিকায় প্রায় ১৫ থেকে ২০ মিলিয়ন বিদেশি বাস করছেন। তবে সরকারি হিসেব অনুযায়ী, দেশের ৬২ মিলিয়ন (৬ কোটি ২০ লক্ষ) জনসংখ্যার মাত্র ৪ শতাংশ বিদেশি বংশোদ্ভূত। প্রতিবেশী দেশগুলির অর্থনৈতিক সংকটের কারণে হাজার হাজার মানুষ কাজের খোঁজে আফ্রিকার অন্যতম বৃহত্তম এই অর্থনীতিতে পাড়ি জমিয়েছেন, যাদের বড় অংশই অনানুষ্ঠানিক ক্ষেত্রে কর্মরত।

আরও বিদেশ খবর