বিদেশ
‘আল্লার গৌরব হোক’, হরমুজ সম্পূর্ণ আমেরিকার দখলে
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালী (Strait of Hormuz) সম্পূর্ণরূপে নিজেদের দখলে নেওয়ার কথা ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিস্ফোরক বার্তায় এই মেগা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, মার্কিন নৌবাহিনী ওই কৌশলগত জলপথ ঘিরে এমন এক ‘ইস্পাতের প্রাচীর’ বা লোহার দেওয়াল গড়ে তুলেছে, যা ভেদ করার ক্ষমতা ইরানের নেই। নিজের পোস্টে ট্রাম্প স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লিখেছেন, “আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমার মনে হয় এটা আমরা আমাদের কাছেই রেখে দেব!” একই সাথে বিবৃতির শেষে তিনি লিখেছেন, ‘আল্লাহর প্রশংসা হোক’।
দিনকয়েক আগেই আন্তর্জাতিক মহলে গুঞ্জন শোনা গিয়েছিল যে, হরমুজ প্রণালীর দখল নিতে মধ্যপ্রাচ্যের জলসীমায় ২০টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM)। সেই নৌ-অবরোধের অভিযান সফল হয়েছে বলেই ট্রাম্পের এই হুঙ্কার।
মার্কিন সামরিক সূত্র জানাচ্ছে, ইতিমধ্যেই ইরানের বন্দর অভিমুখী অন্তত ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং আমেরিকার নিষেধাজ্ঞা অমান্য করায় কয়েকটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেগুলিকে অচল করা হয়েছে। ট্রাম্পের দাবি, এই অভিযানের ফলে ইরানের অর্থনৈতিক ও সামরিক মেরুদণ্ড কার্যত ভেঙে পড়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ়ের ‘১০০ শতাংশ’ নিয়ন্ত্রণ দাবি করলেও, মাটি কামড়ে পড়ে রয়েছে ইরান। মার্কিন দাবিকে এক ফুঁয়ে উড়িয়ে দিয়ে ইরানের ‘পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি’ স্পষ্ট জানিয়েছে, আমেরিকার এই সমস্ত ফাঁকা আওয়াজ এবং সোশ্যাল মিডিয়া পোস্ট বাস্তবকে বদলে দিতে পারবে না। তেহরানের পাল্টা দাবি, জলপথটি এখনও অবরুদ্ধ এবং ওয়াশিংটন তাদের সমস্ত নিষেধাজ্ঞা তুলে না নিলে এবং বাজেয়াপ্ত সম্পত্তি নিঃশর্তে ফেরত না দিলে হরমুজ প্রণালী নতুন করে খোলার কোনও প্রশ্নই নেই।

