বিদেশ
জালিয়াতির অভিযোগে কগনিজ্যান্টের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের তদন্ত
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: মার্কিন মুলুকে কর্মরত হাজার হাজার ভারতীয় প্রযুক্তিবিদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হল। এইচ ১বি ভিসা জালিয়াতি এবং অনিয়মের অভিযোগে একযোগে একগুচ্ছ তদন্ত শুরু করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আর সেই তদন্তের আতশকাচের নিচে প্রথমেই চলে এল প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থা কগনিজ্যান্ট (Cognizant)। খোদ মার্কিন শ্রম দপ্তরের ইন্সপেক্টর জেনারেল অ্যান্থনি ডি’এসপোসিটো এই তদন্তের কথা প্রকাশ্যে এনেছেন, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক কর্পোরেট মহলে।
হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকেই অভিবাসন এবং বিদেশি কর্মীদের ভিসা নীতি নিয়ে কড়াকড়ির ইঙ্গিত মিলছিল। এবার উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন বিশেষ টাস্ক ফোর্সের অধীনে সরাসরি ময়দানে নেমেছে মার্কিন প্রশাসন। অভিযোগ, এইচ ১বি (H-1B) এবং পার্ম (PERM) ওয়ার্ক ভিসা কর্মসূচিতে বড়সড় কারচুপি করা হয়েছে। ইতিমধ্যেই একাধিক টেক সংস্থাকে লক্ষ্য করে আইনি সমন বা সাবপোনা পাঠিয়েছে ওয়াশিংটন।
নয়া দিল্লির সাউথ ব্লক থেকে কলকাতার সল্টলেক সেক্টর ফাইভ— এই তদন্তের খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। কারণ, আমেরিকায় কগনিজ্যান্টের বিভিন্ন দপ্তরে এই মুহূর্তে অন্তত ২৭ হাজার ভারতীয় আইটি পেশাদার কর্মরত। তদন্তের খাঁড়া নেমে এলে এই বিপুল সংখ্যক ভারতীয়র চাকরি এবং মার্কিন মুলুকে থাকার ভবিষ্যৎ এক ধাক্কায় অনিশ্চিত হয়ে পড়তে পারে।
তদন্তকারীদের দাবি, কগনিজ্যান্টের মতো বড় সংস্থার বিরুদ্ধে ভিসা জালিয়াতির সুনির্দিষ্ট তথ্য দিয়েছেন কিছু ‘হুইসেলব্লোয়ার’ বা সংস্থারই ভেতরের কর্মী। অভিযোগের তালিকায় রয়েছে— ভুয়ো নথিপত্র দিয়ে আবেদন করা, বিদেশি কর্মীদের অপেক্ষাকৃত কম বেতন দিয়ে খাটানো এবং মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ থেকে বঞ্চিত করা।
আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য যে গ্রিন কার্ডের প্রয়োজন হয়, তার প্রথম ধাপ হল ‘PERM’ লেবার সার্টিফিকেশন। এই প্রক্রিয়াটিও তদন্তের আওতাভুক্ত হওয়ায় ভারতীয়দের স্থায়ী নাগরিকত্ব পাওয়ার স্বপ্ন বড়সড় ধাক্কা খেল বলেই মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। মার্কিন শ্রম দপ্তর স্পষ্ট জানিয়ে দিয়েছে, জালিয়াতি রুখতে এটি ট্রাম্প প্রশাসনের সবথেকে আগ্রাসী অভিযান এবং কোনও রকম বেনিয়ম বরদাস্ত করা হবে না। ফলে, ডলারে উপার্জনের স্বপ্ন নিয়ে মার্কিন মুলুকে পাড়ি দেওয়া ভারতীয়দের দিন কাটছে চরম উৎকণ্ঠায়।

