বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

অভয়দান কোন্ বস্তুতে

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬
অভয়দান কোন্ বস্তুতে
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

উপনিষদ বলছেন, ভয়শূন্যতার ভাব হল ঈশ্বরেরই স্বরূপ বিশেষ। মানুষ এই "অভীঃ"  হবার অবস্থাকেই কামনা করে থাকে। আনন্দেরই অপর নাম হয় নির্ভয়ভাব। যেখানে দুঃখের কোন অনুভব থাকে না সেই অবস্থা হলো আনন্দ। বস্তু জগতের বিভিন্ন ত্রুটিকে বিচার করে ত্যাগ এবং বৈরাগ্যের দ্বারাও এই অভীর লক্ষ্যে উপনীত হওয়া যায়। একজন অতিসাধারণ ও স্বাভাবিক ব্যক্তিও বস্তুজগতের ত্রুটিকে দেখতে পায়। কিন্তু সে জানে না যে এর চেয়েও উচ্চতর, এর চেয়েও গভীরতর কোন বস্তু আছে। রাজা ভর্তৃহরি তাঁর বৈরাগ্যশতকম্ গ্ৰন্থে একটি প্রসিদ্ধ শ্লোকে বস্তু জগতের বিভিন্ন বস্তুর দোষ বা ত্রুটিকে সুন্দরভাবে বর্ণনা করেছেন এইভাবে —ভোগে আছে রোগ ভয়, ধনে আছে চোরের ভয়, বৃহৎ পরিবারে আছে মৃত্যুভয়। যদি আমরা খুব মান সম্মানের অধিকারী হই তাহলে মান সম্মান নষ্ট হবার ভয়ও থাকে। এভাবেই ভর্তৃহরি বিষয়ের নানা দোষ প্রদর্শন করতে করতে শেষে বললেন—এমনকি জ্ঞান এবং বিদ্যালাভেও প্রতিদ্বন্দ্বীর ভয় আছে। শেষ পর্যন্ত দেখা যায় সব বস্তুই ভয়ান্বিত। তাহলে মানুষের জীবনে কোন্ বস্তু অভয় আনতে পারে ? তিনি এই কথা বলে সিদ্ধান্ত করলেন যে, বৈরাগ্যই একমাত্র এই জগতে অভয় দান করতে পারে। যদি তুমি কোন বস্তু আকাঙ্খা না করো, তাহলে সেই বস্তুটি নষ্ট হয়ে গেলেও তোমার কিছু আসে যায় না। সাধারণ প্রাত্যহিক জীবনেও আমরা জানি যে, যখন আমরা কোন বস্তুর উপর অধিকারের মায়াকে পরিত্যাগ করতে পারি তাহলে কোনও কোনও পরিস্থিতিতে তা আমাদের কাছে  আনন্দের বিষয় হয়ে ওঠে। তখন আর কোন ভয় থাকে না। তখনই প্রকৃত শান্তি আসবে। এটাই হলো ত্যাগের পন্থায় শান্তিলাভের লক্ষ্যে অগ্রসর হওয়ার পথ। ভোগের পথে কামনার নিবৃত্তি বা সুখলাভ করা নয়, বরং কোন বস্তু লাভের আকাঙ্ক্ষা থেকে মনকে নিবৃত্ত করাই হলো শান্তির উপায়। স্বামীজী বলেছেন, কর্মের রহস্য হলো প্রকৃতিই তোমাকে ত্যাগ করতে বাধ্য করে। কিন্তু তুমি যখন অপরের দ্বারা বাধ্য হয়ে ত্যাগ কর, তখন তুমি আপত্তির সঙ্গে, অনুযোগের সঙ্গে অনিচ্ছা প্রকাশ করো এবং পরে সেটাকে ত্যাগ কর। তুমি যদি স্বেচ্ছায় সেটা ত্যাগ কর তখন অবশ্য তোমার কোন দুঃখ বেদনার অনুভব হবে না।

আরও বোধিবৃক্ষ খবর