বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

ভগবানে আত্মনিবেদন

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
ভগবানে আত্মনিবেদন
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

শিব-মানস-পূজন স্তোত্রে একটি পংক্তি আছে —যদ্ যদ্ কর্ম করোমি তত্তদখিলংশম্ভো তবারাধনম্। অর্থাৎ হে শম্ভো! হে শিব! আমি যা কিছু করি সবই তোমার আরাধনা। রামপ্রসাদের একটি গান আছে—"শয়নে প্রণাম জ্ঞান, নিদ্রায় কর মাকে ধ্যান/-----যত শোনো কর্ণপুটে, সবই মায়ের মন্ত্র বটে,/কালী পঞ্চাশৎ বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে/নগর ফের মনে কর প্রদক্ষিণ শ্যামা মারে।" এভাবেই সমগ্র জীবন আধ্যাত্মিকভাবে পূর্ণ করা যেতে পারে। আমাদের কর্ম, ভোজন, শয়ন, স্বপন সবকিছুই ঈশ্বরের প্রীতির জন্য এবং তাঁরই ইচ্ছায় সংঘটিত হচ্ছে ভাবতে হবে। সমগ্র জীবনকে আধ্যাত্বিক সাধনায় রূপান্তরিত করা যেতে পারে শুধুমাত্র দৃষ্টিভঙ্গি বদলে নিতে হবে। যখন আমরা অফিসে কাজ করি, তখন আমাদের মনে রাখতে হবে, অর্থ উপার্জন, উপরওয়ালার মনস্তুষ্টি বা অন্য কিছুর জন্য আমরা কাজ করছি না এই কাজ ভগবানই আমাদের দিয়েছেন। ভগবানের কোন উদ্দেশ্য সিদ্ধি এবং প্রীতির জন্যই আমরা কর্তব্য করছি। এভাবে ভাবলে আমাদের যে কোন কাজ ঈশ্বর পূজায় পরিণত হবে এবং আমাদের জীবনও একরকম আধ্যাত্বিক সাধনায় রূপান্তরিত হবে। কিন্তু এই ভাবনা কি আমরা বাস্তবে ভাবতে পারবো? শ্রীরামকৃষ্ণ ধর্ম পিপাসু সাধারণ মানুষের জন্য অতি সহজ পথের নির্দেশ দিয়েছেন। তিনি বলছেন, সত্যবাদিতা, আন্তরিকতা, কঠোর সাধন, পবিত্র জীবন, ভগবানে মতি প্রভৃতি আধ্যাত্মিক জীবনের অপরিহার্য অঙ্গ। বিষয়-চিন্তায় ভরা আমাদের কুটিল মন এই সহজ উত্তরে তৃপ্ত হয় না। আমরা চাই এমন কিছু যা হবে আরো বাস্তব আরো জটিল এবং দার্শনিক ভিত্তিতে উপস্থাপিত। আসলে সহজ উপদেশ বাস্তববাদী মনকে সন্তুষ্ট করে না। আমাদের মনের গঠন এমন, যেকোনো অধ্যাত্ম সাধনায় বিশ্বাস আনার জন্য দার্শনিক আলোচনার প্রয়োজন হয়। শ্রীরামকৃষ্ণের উক্তি অনুধাবনের জন্য নারদীয় ভক্তির পথ অবলম্বন করতে হবে। নারদের মতে, ভগবানে আত্মনিবেদন ও সর্বকর্মসমর্পণ এবং তাঁর বিস্মরণে একান্ত ব্যাকুলতাই ভক্তির লক্ষণ।

আরও বোধিবৃক্ষ খবর