এইআইআইএমএস দিল্লির সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য: ‘কেমসেক্স’ ও মাদকের নেশায় দেশে বাড়ছে এইচআইভি-র ঝুঁকি
নিজস্ব প্রতিনিধি: ভারতে উদ্বেগজনকভাবে বাড়ছে 'কেমসেক্স' (Chemsex) বা যৌন মিলনের সময়ে উদ্দীপক মাদকের ব্যবহারের প্রবণতা। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর চিকিৎসকদের করা একটি সাম্প্রতিক অনলাইন সমীক্ষায় এই ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, মেথামফেটামিন বা ‘মেথ’, ‘ইয়াবা’ এবং ‘আইস’-এর মতো মারাত্মক মাদক ব্যবহার করে যৌন মিলনে লিপ্ত হওয়ার ফলে দেশে এইচআইভি (HIV) এবং অন্যান্য যৌনবাহিত রোগের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।
মেথামফেটামিন এবং ক্যাফিনের মিশ্রণে তৈরি হয় ‘ইয়াবা’। অন্যদিকে, ‘আইস’ হলো মেথের স্ফটিক বা ক্রিস্টাল রূপ। চিকিৎসকদের মতে, এই ধরণের কড়া মাদক নেওয়ার পর হিতাহিত জ্ঞান লোপ পায় এবং নিরাপদ যৌনতার দিকে কেউ খেয়াল রাখে না। ফলে কন্ডোম ব্যবহারের প্রবণতা এক ধাক্কায় অনেকটাই কমে যায়। একই সঙ্গে একাধিক সঙ্গীর সাথে মেলামেশার কারণে এই মারণ রোগের ঝুঁকি বহুণ বেড়ে যায় বলে সতর্ক করেছেন এইআইআইএমএস-এর চিকিৎসকেরা। মূলত শহুরে যুবসমাজের একাংশের মধ্যে এই মারণ নেশার প্রবণতা গ্রাস করায় উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসা মহল।

