দেশ
বঙ্গোপসাগরে ডুবল জাহাজ, নিখোঁজ ২৪ নাবিক
প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: গভীর বঙ্গোপসাগরে ঘটে গেল এক বড়সড় দুর্ঘটনা। ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে গেল পানামার পতাকাধারী একটি পণ্যবাহী জাহাজ। নিখোঁজ জাহাজের ২৪ জন ক্রু ও নাবিক। দুর্ঘটনাগ্রস্ত ওই জাহাজটির নাম ‘এমভি ওশান-উইনার’। নিখোঁজ কর্মীদের সন্ধানে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে বিশাল তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় কোস্ট গার্ড এবং নৌবাহিনী।
জানা গিয়েছে, ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে প্রায় ১৭০০ টন লৌহ আকরিক (আয়রন ওর) বোঝাই করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিল জাহাজটি। কিন্তু মাঝসমুদ্রেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। শ্রী বিজয়া পুরমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) জানিয়েছে, শনিবার বেলা ১১টা ৪৮ মিনিট নাগাদ জাহাজ পরিচালনাকারী সংস্থা ‘ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড’-এর তরফ থেকে প্রথম এই বিপদের খবর দেওয়া হয়। তারা জানায়, আচমকাই জাহাজটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এর পরপরই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে দ্রুত উদ্ধারকাজের জন্য অনুরোধ জানানো হয়।
খবর পেয়েই কালবিলম্ব না করে সমুদ্রে উদ্ধারকাজে নামে কোস্ট গার্ড। নিখোঁজ নাবিকদের খুঁজতে কোস্ট গার্ডের দুটি অত্যাধুনিক জাহাজ ‘বরদ’ এবং ‘অনমোল’ দ্রুত দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর পাশাপাশি শ্রী বিজয়া পুরম থেকে ‘বিজিত’ নামের আরও একটি উদ্ধারকারী জাহাজকে সহায়তার জন্য পাঠানো হয়েছে। নৌবাহিনীর বিমানও আকাশপথে নজরদারি চালাচ্ছে। তবে ঠিক কী কারণে এবং কীভাবে এত বড় পণ্যবাহী জাহাজটি মাঝসমুদ্রে ডুবে গেল, তা এখনও স্পষ্ট নয়। প্রতিকূল আবহাওয়া নাকি যান্ত্রিক গোলযোগ— সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ নাবিকদের সুরক্ষিতভাবে উদ্ধার করাই এখন প্রধান লক্ষ্য উদ্ধারকারীদের।

