দেশ
এক বছর ঘরেই বন্দি মহিলার কঙ্কাল
প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: এক বছর ধরে বন্ধ ঘরের ভিতরেই পড়ে রইল মৃতদেহ। পচে গলে তা পরিণত হল কঙ্কালে। কিন্তু ঘুণাক্ষরেও টের পেলেন না প্রতিবেশীরা। বেঙ্গালুরুর বাগলাগুন্তের হাভানুর লেআউট এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘর থেকে উদ্ধার হয়েছে দাক্ষায়িণী (৫২) নামে এক প্রৌঢ়ার কঙ্কাল। নিঃসঙ্গতা এবং তীব্র মানসিক অবসাদ কীভাবে একটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, এই ঘটনা তারই এক করুণ উদাহরণ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে গত কয়েক বছর ধরে একাই থাকতেন দাক্ষায়িণীদেবী। প্রায় ১০ বছর আগে তাঁর স্বামীর মৃত্যু হয়। জীবনসঙ্গীকে হারিয়ে মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছিলেন তিনি। সেই সময় তাঁর একমাত্র সম্বল ছিল সন্তান। ছেলেকে নিয়েই কোনোমতে দিন কাটছিল তাঁর। কিন্তু বিধাতার নিষ্ঠুর পরিহাসে কিছুদিনের মধ্যেই ফের বিপর্যয় নেমে আসে তাঁর জীবনে। দাক্ষায়িণীদেবীর ছেলের শরীরে মারণ রোগ ক্যানসার ধরা পড়ে। সাধ্যমতো চিকিৎসা করালেও শেষরক্ষা হয়নি। ছেলের মৃত্যুর পর পুরোপুরি একা হয়ে যান ওই মহিলা।
পুত্রের অকালপ্রয়াণ কিছুতেই মেনে নিতে পারেননি দাক্ষায়িণীদেবী। তীব্র অবসাদে ভুগতে ভুগতে তিনি নিজেকে দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে নেন। সমাজ এবং প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে নিজেকে কার্যত গৃহবন্দি করে ফেলেছিলেন। দীর্ঘদিন তাঁকে বাইরে না দেখতে পেয়ে প্রতিবেশীরা ভেবেছিলেন তিনি হয়তো অন্য কোথাও চলে গিয়েছেন। কিন্তু বন্ধ ঘরের ভিতরেই যে নিঃশব্দে এক বছর আগে তাঁর মৃত্যু হয়েছে, তা কেউ কল্পনাও করতে পারেননি। সম্প্রতি ওই বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘর থেকে তাঁর কঙ্কালটি উদ্ধার করে। প্রাথমিক অনুমাণ, তীব্র একাকীত্ব ও অনাহারেই মৃত্যু হয়েছে তাঁর।

