দেশ
বিয়েতে অসম্মতি, তরুণীকে ছুরিকাঘাত প্রেমিকের!
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: অন্য পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তরুণী। আর সেই 'অপরাধে' ঘরে ঢুকে ১৮ বছরের এক তরুণীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করল তার প্রাক্তন প্রেমিক। তরুণীকে রক্তাক্ত করার পর নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টাও করল ওই যুবক। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা নাগাদ ভারতের তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরুর রামগোন্ডনাহাল্লি এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত যুবকের নাম বান্দে নেওয়াজ (১৮)। আক্রান্ত তরুণীর নাম নন্দিনী দাস (১৮)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দিনী এবং বান্দে নেওয়াজ দুজনেই স্থানীয় একটি বেসরকারি স্কুলের সহপাঠী ছিল। গত তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি নন্দিনীর পরিবার অন্য এক পাত্রের সাথে তার বিয়ে ঠিক করে। এই খবর জানতে পারার পর থেকেই ক্ষিপ্ত ও হতাশ হয়ে পড়ে নেওয়াজ। সে নন্দিনীকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকে। কিন্তু নন্দিনী পরিবারের সিদ্ধান্তের বাইরে যেতে রাজি না হওয়ায় তাদের সম্পর্কে ভাঙন ধরে।
ঘটনার দিন সকালে নন্দিনী যখন ঘরে একাই ছিল, সেই সুযোগে নেওয়াজ আচমকা সেখানে চড়াও হয়। বিয়ের প্রস্তাব নাকচ করতেই সে পকেট থেকে ছুরি বের করে নন্দিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। যুবকের এলোপাতাড়ি ছুরির ঘায়ে গুরুতর জখম হন তরুণী। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসতে গেলে, বেগতিক দেখে নেওয়াজ নিজের গলাতেও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনের অবস্থাই আশঙ্কাজনক। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

