বিশ্ব তালিকায় দু'ধাপ উঠে বিদেশি বিনিয়োগ আকর্ষণে চমক ভারতের
নিজস্ব প্রতিনিধি: বিশ্বজুড়ে অর্থনৈতিক টানাপোড়েনের মাঝেই ভারতের অর্থনীতিতে বড়সড় সুসংবাদ। দেশে বাড়ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (FDI) পরিমাণ। রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ‘আঙ্কটাড’ (UNCTAD)-এর সাম্প্রতিকতম রিপোর্টে প্রকাশ, মাত্র এক বছরে বিদেশি সংস্থাগুলি ভারতে বিনিয়োগের পরিমাণ বাড়িয়েছে প্রায় ৪৪ শতাংশ। বিপুল এই লগ্নির সুবাদে সারা বিশ্বে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের ক্রমতালিকায় এক ধাক্কায় দু’ধাপ উপরে উঠে এসেছে ভারত।
UNCTAD-র দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সব মিলিয়ে ভারতে মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে ৩৯ বিলিয়ন মার্কিন ডলার। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে এই বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র ২৭.১ বিলিয়ন মার্কিন ডলার। পরিসংখ্যানের নিরিখে মাত্র এক বছরের ব্যবধানে ভারতে বিদেশি বিনিয়োগের অঙ্কটা বৃদ্ধি পেয়েছে প্রায় ৪৩.৬ শতাংশ। উল্লেখ্য, এই নির্দিষ্ট সময়ে বিশ্বজুড়ে সার্বিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বৃদ্ধির গড় হার ছিল মাত্র ৬ শতাংশ। সেই বৈশ্বিক হারের তুলনায় ভারতের এই বৃদ্ধির গতি ও গ্রাফ বহুগুণ এগিয়ে রয়েছে।
সার্বিক ভাবে বিদেশি সংস্থাগুলির মাধ্যমে আসা এই প্রত্যক্ষ বিনিয়োগের মোট অঙ্কের নিরিখে ভারত বিশ্বের শক্তিশালী অর্থনীতিগুলির মধ্যে ১১তম স্থানে উঠে এসেছে। এর আগে ২০২৪ সালে ভারত এই তালিকায় ১৩তম স্থানে অবস্থান করছিল। দেশের স্থিতিশীল পরিকাঠামো, বিশাল বাজার এবং ব্যবসার অনুকূল পরিবেশের কারণেই যে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের ওপর বিপুল ভরসা রাখছেন, এই রিপোর্ট তারই প্রমাণ।

