১৪ বছর পর মহার্ঘ ভারতীয় পাসপোর্ট
নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৪ বছর পর পাসপোর্ট তৈরির খরচ বাড়াল কেন্দ্র। বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)-এর সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ জুলাই, ২০২৬ থেকে পাসপোর্ট পরিষেবার এই নতুন বর্ধিত ফি কাঠামো কার্যকর হতে চলেছে। ২০ জুন ‘পাসপোর্ট (সংশোধনী) আইন ২০২৬’-এর অধীনে এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন নিয়মে সাধারণ এবং তৎকাল, উভয় বিভাগেই পাসপোর্ট তৈরির খরচ একলাফে অনেকটাই বৃদ্ধি করা হয়েছে।
এক নজরে নতুন ফি কাঠামো (১ জুলাই থেকে কার্যকর):
৩৬ পাতার সাধারণ পাসপোর্ট: ১৮ বছর বা তার বেশি বয়সীদের নতুন বা রিইস্যু পাসপোর্টের খরচ ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২,৫০০ টাকা।
৩৬ পাতার তৎকাল পাসপোর্ট: দ্রুত পাসপোর্ট পাওয়ার এই পরিষেবার খরচ ৩,৫০০ টাকা থেকে বাড়িয়ে একধাক্কায় ৫,০০০ টাকা করা হয়েছে।
৬০ পাতার সাধারণ পাসপোর্ট: জাম্বো পাসপোর্টের ক্ষেত্রে আগের ২,০০০ টাকার পরিবর্তে এখন দিতে হবে ৩,৫০০ টাকা।
৬০ পাতার তৎকাল পাসপোর্ট: এই পরিষেবার জন্য পূর্বের ৪,০০০ টাকার বদলে এখন খরচ পড়বে ৬,০০০ টাকা।
নাবালক এবং প্রবীণ নাগরিকদের জন্য ছাড়: নতুন নিয়মে ৮ বছর পর্যন্ত শিশু এবং ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের জন্য কিছুটা স্বস্তি দেওয়া হয়েছে।
এই দুই বিভাগের আবেদনকারীরা নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে ফি-র ওপর ১০ শতাংশ ছাড় পাবেন তবে এই ছাড় পাসপোর্ট রিইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
এ ছাড়া ১৮ বছরের কম বয়সীদের নতুন ৩৬ পাতার সাধারণ পাসপোর্টের খরচ ঠিক করা হয়েছে ১,৭৫০ টাকা এবং তৎকালের জন্য ৪,২৫০ টাকা।
নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অসাবধানতাবশত পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নতুন করে পাসপোর্ট পেতে এখন পকেট থেকে অনেক বেশি টাকা খসবে। ৩৬ পাতার সাধারণ ডুপ্লিকেট পাসপোর্টের জন্য ৫,০০০ টাকা ধার্য করা হয়েছে।

