দেশ
‘বন্দে মাতরম্’-এর দু’স্তবকই গাইবে কংগ্রেস
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় গান ‘বন্দে মাতরম্’ গাওয়ার পরিধি নিয়ে এবার নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াল কংগ্রেস। কেন্দ্রীয় সরকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গানের পুরো ছয়টি স্তবকই জাতীয় গান হিসেবে গাওয়ার নিয়ম চাপিয়ে দিতে চাইছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস নেতৃত্ব। তবে হাত শিবির সাফ জানিয়েছে, তারা নিজেদের যেকোনো দলীয় অনুষ্ঠানে আগের মতোই গানের প্রথম দুটি স্তবক গাইবে। সম্প্রতি গোয়ায় কংগ্রেসের একটি সম্মেলনে এই অবস্থান স্পষ্ট করে বন্দে মাতরমের দুটি স্তবক গাওয়া হয়েছিল। তা নিয়ে বিজেপি সুর চড়ালেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে প্রধান বিরোধী দল।
বিজেপির তোলা দেশদ্রোহিতার অভিযোগের জবাবে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘‘মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই পটেল, এমনকী অটলবিহারী বাজপেয়ীরা যেভাবে ‘বন্দে মাতরম্’ গেয়েছিলেন, আমরাও ঠিক সেইভাবেই গেয়েছি। যদি দুটি স্তবক গাওয়া অপরাধ হয়, তাহলে প্রথমে ওই জাতীয় নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হোক।’’ খড়্গের দাবি, গত নব্বই বছর ধরে বন্দে মাতরম্ যেভাবে গাওয়া হচ্ছে, আজ হঠাৎ কোনো সরকার এসে সেই দীর্ঘদিনের ঐতিহ্য বদলে দিতে পারে না। আজ এক সরকার নিয়ম বদলালে, কাল অন্য সরকার এসে আবার নতুন নিয়ম তৈরি করবে।
এই বিতর্কে সুর আরও চড়িয়েছেন কর্নাটকের প্রদেশ কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ। কেন্দ্রের কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘‘এই নিয়মের বিরোধিতা করার জন্য ওরা আমাদের ফাঁসিতে ঝোলাক বা জেলে পুরুক, আমরা মাথা নোয়াব না।’’ রাজনৈতিক মহলের মতে, জাতীয়তাবাদ ও দেশপ্রেমের আবেগ জড়ানো বন্দে মাতরম্ গানটিকে ঘিরে বিজেপি ও কংগ্রেসের এই লড়াই আগামী দিনে জাতীয় রাজনীতিতে আরও বড় আকার ধারণ করতে চলেছে। একদিকে বিজেপি যখন পুরো গান গেয়ে হিন্দুত্বের আবেগকে উস্কে দিতে চাইছে, কংগ্রেস তখন ইতিহাস ও ঐতিহ্যের দোহাই দিয়ে তার বিরোধিতা করছে।

