বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

আবহাওয়া বদল ও সোয়াইন ফ্লুর জোড়া ফলায় কাবু দিল্লি, বাড়ছে উদ্বেগ

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬
আবহাওয়া বদল ও সোয়াইন ফ্লুর জোড়া ফলায় কাবু দিল্লি, বাড়ছে উদ্বেগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: আবহাওয়া বদলের সঙ্গে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা। এই জোড়া ফলায় নাজেহাল ভারতের রাজধানী দিল্লি। একই সঙ্গে সেখানে উদ্বেগজনকভাবে বাড়ছে এইচ১এন১ ভাইরাস বা সোয়াইন ফ্লু সংক্রমণ। সরকারি ও বেসরকারি সূত্রের খবর, গত বছরের তুলনায় চলতি বছরে আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় প্রায় ৬ গুণ বেড়েছে। এই পরিস্থিতিতে জ্বর, সর্দি ও কাশির মতো উপসর্গ নিয়ে প্রতিদিন বহু মানুষ ভিড় করছেন শহরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে।

চিকিৎসকেরা জানাচ্ছেন, এবারের সংক্রমণের চরিত্র কিছুটা উদ্বেগজনক। সাধারণ ফ্লু-এর মতো উপসর্গ থাকলেও, বহু রোগীর ক্ষেত্রে সমস্যা অনেক দূর গড়াচ্ছে। গোদের উপরে বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে প্রবল শ্বাসকষ্ট এবং শরীরে আচমকা অক্সিজেনের মাত্রা বা লেভেল কমে যাওয়া। এই ধরনের তীব্র জটিলতা নিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছেন। অনেক ক্ষেত্রে রোগীদের হাসপাতালে ভরতিও করতে হচ্ছে।
দিল্লির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা এবং আবহাওয়া পরিবর্তনের এই মরশুমে আর্দ্র পরিবেশ ভাইরাস ছড়ানোর জন্য অত্যন্ত অনুকূল। ফলে খুব দ্রুত এই সংক্রমণ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং যাঁদের আগে থেকেই ফুসফুস বা হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, তাঁরা বেশি ঝুঁকিতে পড়ছেন। হাসপাতালগুলিতে ইতিমধ্যেই ভিড় সামলাতে এবং সোয়াইন ফ্লু আক্রান্তদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চিকিৎসকদের পরামর্শ, এই সময়ে জ্বর বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে অবহেলা করা চলবে না। নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। এছাড়া সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার করা, হাত ভালো করে ধোয়া এবং ভিড় জায়গা এড়িয়ে চলার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। দিল্লির এই পরিস্থিতি এখন স্বাস্থ্য দপ্তরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

আরও দেশ খবর