দেশ
পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকেছে, কীভাবে চেক করবেন?
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের কোটি কোটি চাকরিজীবীর জন্য বড় খবর। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য নির্দিষ্ট ৮.২৫ শতাংশ হারে সুদের টাকা সদস্যদের প্রভিডেন্ট ফান্ড (EPF) অ্যাকাউন্টে জমা করা শুরু করল কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা বা ইপিএফও। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইতিমধ্যেই দেশের প্রায় ৩৪ কোটি সদস্যের অ্যাকাউন্টে সুদের এই নতুন হিসাব আপডেট বা যুক্ত করা হয়ে গিয়েছে। এর ফলে উপভোক্তারা এখন ঘরে বসেই তাঁদের আপডেটেড পিএফ ব্যালেন্স দেখে নিতে পারবেন।]
চাকরিজীবীদের দীর্ঘমেয়াদি ও নিরাপদ সঞ্চয়ের অন্যতম প্রধান মাধ্যম হলো ইপিএফ। নিয়ম মেনে প্রতি মাসে কর্মীর মূল বেতনের ১২ শতাংশ এবং নিয়োগকারী সংস্থার সমপরিমাণ অর্থ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা পড়ে। সেই সঞ্চিত জমার উপরেই প্রতি বছর নির্দিষ্ট হারে সুদ দেয় কেন্দ্র। উদাহরণস্বরূপ, কোনো সদস্যের অ্যাকাউন্টে যদি ১ লক্ষ টাকা জমা থাকে, তবে ৮.২৫ শতাংশ সুদের নিয়মে তাঁর অ্যাকাউন্টে অতিরিক্ত ৮,২৫০ টাকা যোগ হবে। চাকরিজীবীরা কয়েকটি অত্যন্ত সহজ উপায়ে নিজেদের পিএফ ব্যালান্স পরীক্ষা করতে পারবেন।
সবচেয়ে সহজ মাধ্যমটি হলো 'পাসবুক লাইট'। এর জন্য ইপিএফও-র মেম্বার পাসবুক পোর্টালে গিয়ে ১২ সংখ্যার ইউএএন (UAN), পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ-ইন করতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপি যাচাই করে 'ভিউ' বিভাগে গিয়ে পাসবুক লাইট-এ ক্লিক করলেই আপডেট হওয়া ব্যালেন্স স্ক্রিনে ভেসে উঠবে।
এ ছাড়া ইউএএন-এর সঙ্গে মোবাইল নম্বর যুক্ত থাকলে ০১১-২২৯০১৪০৬ নম্বরে একটি মিসড কল দিলেই এসএমএসের মাধ্যমে ব্যালেন্স জানা যাবে। আবার নিবন্ধিত মোবাইল থেকে 'EPFO HO UAN HIN' লিখে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে এসএমএস পাঠালেও হিন্দিতে ব্যালেন্সের তথ্য মিলবে। পাশাপাশি কেন্দ্র সরকারের 'উমাং' (UMANG) অ্যাপ ডাউনলোড করে ইপিএফও পরিষেবা নির্বাচন করেও ওটিপি-র মাধ্যমে সহজেই অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে নেওয়া সম্ভব।

