দেশ
আইসিএফকে ৫০ বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস তৈরির বরাত রেলমন্ত্রকের
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ এই মুহূর্তে দেশে একটিমাত্র বন্দে ভারত স্লিপার ট্রেন চলাচল করে। হাওড়া থেকে গুয়াহাটি রুটে। গত জানুয়ারি মাসে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের পরিষেবা শুরু হয়। পরবর্তী সাত মাসে দেশের আর কোথাও বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু করা যায়নি। এবার সেই প্রক্রিয়াতে আরও গতি আনতে মরিয়া রেলমন্ত্রক। বর্তমানে যে বন্দে ভারত স্লিপার চলে, সেখানে ১১টি থার্ড এসি, চারটি সেকেন্ড এসি এবং একটি ফার্স্ট এসি কোচ রয়েছে। জানা যাচ্ছে, ২৪ কোচের ট্রেনগুলিতে মোট ১৭টি থার্ড এসি কোচ থাকবে। পাঁচটি সেকেন্ড এসি ও একটি ফার্স্ট এসি কোচ থাকবে। একটি প্যান্ট্রি কারও থাকবে। বর্তমান বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ৮২৩ জন যাত্রী যাতায়াত করতে পারেন। নতুন ট্রেনগুলিতে প্রায় দ্বিগুণ যাত্রীর পক্ষে যাতায়াত করা সম্ভব হবে।
রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে জানা গিয়েছে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি বা আইসিএফ-কে একলপ্তে ৫০টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরির বরাত দিয়েছে রেল বোর্ড। তবে শুধু নতুন ট্রেন তৈরিই নয়, এই ট্রেনের পরিকাঠামোতেও আনা হচ্ছে বড়সড় বদল। সাধারণত বন্দে ভারত ট্রেনগুলি ১৬টি কোচের হলেও, নতুন শয়নযানবিশিষ্ট বা স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসগুলি ২৪ কোচের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল বিশেষজ্ঞদের একাংশের মতে, ২৪ কোচের দূরপাল্লার বন্দে ভারত স্লিপার ট্রেনগুলি পুরোদমে লাইনে নামলে রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনগুলির গুরুত্ব অনেকটাই কমে যাবে। কারণ, এই নতুন বন্দে ভারত ট্রেনগুলিও দূরপাল্লার রুটেই চালানো হবে। গতি এবং আধুনিক সুযোগ-সুবিধার দিক থেকে বন্দে ভারত অনেকটাই এগিয়ে। ফলে যাত্রী টানতে এই নতুন ট্রেনই হবে রেলের প্রধান হাতিয়ার। আর সেই কারণেই দূরপাল্লার ট্রেনের তালিকায় আগামী দিনে দুরন্ত এক্সপ্রেসের জায়গা পাওয়া নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে।
যাত্রী মহল অবশ্য এই নিয়ে বেশ চিন্তিত। রাজধানী বা দুরন্ত এক্সপ্রেসের ভাড়া বন্দে ভারতের তুলনায় কিছুটা কম। ফলে দুরন্ত বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষের পকেটে বাড়তি চাপ পড়বে বলেই মনে করছেন যাত্রীরা। যদিও রেলের তরফে এখনই সরকারিভাবে দুরন্ত বন্ধের কোনও ঘোষণা করা হয়নি।

