দেশ
আগামী বছরই ট্র্যাকে দেশের প্রথম বুলেট ট্রেন
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ ভারতের মাটিতে দ্রুত গতির বুলেট ট্রেন ছোটানোর স্বপ্ন এবার সত্যি হওয়ার পথে। সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী বছরই আহমেদাবাদ-মুম্বই রুটের ট্র্যাকে নামতে চলেছে দেশের প্রথম বুলেট ট্রেন। মঙ্গলবার গুজরাতের বডোদরায় আয়োজিত একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী বছরের মে বা জুনের মধ্যেই ভারতে তৈরি প্রথম দেশীয় প্রযুক্তির এই ট্রেনের পরীক্ষামূলক দৌড় বা ট্রায়াল রান শুরু হয়ে যাবে।
রেল মন্ত্রক সূত্রের খবর, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম এই বুলেট ট্রেনের বডি ফ্রেম বা কাঠামোর তৈরির কাজ দু’দিন আগেই সম্পন্ন হয়েছে। বর্তমানে এটিকে ‘স্কুইজ টেস্ট’-এর জন্য পাঠানো হয়েছে। এই বিশেষ পরীক্ষার মাধ্যমে ট্রেনের বগির কাঠামোগত শক্তি এবং প্রচণ্ড চাপ নেওয়ার ক্ষমতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নেওয়া হবে।
রেলমন্ত্রী জানিয়েছেন, মে-জুন মাসে ট্রায়াল রান শুরু হওয়ার পর প্রায় দুই থেকে চার মাস ধরে কড়া নজরদারিতে পরীক্ষা চালানো হবে। সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে, আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যেই এই ট্রেনের বাণিজ্যিক পথচলা বা উদ্বোধন সম্ভব হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে পুরো ৫০৮ কিলোমিটারের মুম্বই-আহমেদাবাদ রুটে ট্রেনটি চালানো সম্ভব হবে না। প্রথম দফায় গুজরাতের সুরাত থেকে বিলিমোরার মধ্যবর্তী প্রায় ৫০ কিলোমিটারের একটি অংশে এই হাই-স্পিড ট্রেন চালানো হবে।
২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের আমজনতাকে যে দ্রুতগতির ট্রেনের স্বপ্ন দেখিয়েছিলেন, তা এবার বাস্তবে রূপ পেতে চলেছে। রেল কর্তাদের আশা, এই দেশীয় বুলেট ট্রেন চালু হলে ভারতের গণপরিবহন ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

