দেশ
চিনা বাঁধের জবাবে ভারতের মেগা প্রকল্প
প্রকাশিত: ২০ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: ভারত-চীন সীমান্তে জলযুদ্ধ এবার চরম রূপ নিতে চলেছে। তিব্বত থেকে উৎপত্তি হওয়া ইয়ারলুং সাংপো (যা ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত) নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ করছে চীন। অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই চীনা প্রকল্প ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তবে চীনকে ফাঁকা মাঠ ছাড়তে নারাজ নয়া দিল্লিও। ড্রাগনের এই আগ্রাসী চালের পালটা পদক্ষেপ শুরু করেছে ভারত।
চীনা বাঁধের জবাবে অরুণাচলে ‘সিয়াং আপার মাল্টিপারপাস প্রোজেক্ট’ (SUMP) তৈরির তৎপরতা শুরু হয়েছে জোরকদমে। প্রস্তাবিত এই ভারতীয় বাঁধটি থেকে প্রায় ১১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা সম্ভব হবে। শুধু বিপুল বিদ্যুৎ উৎপাদনই নয়, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির বন্যা নিয়ন্ত্রণেও এই মেগা প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয়, তবে এটাই হবে ভারতের ইতিহাসের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র।
ইতিমধ্যেই এই বিশাল প্রকল্প রূপায়ণে কোমর বেঁধে ময়দানে নেমেছে ভারত সরকার। শুরু হয়েছে প্রাথমিক প্রস্তুতি ও সমীক্ষার কাজ। তবে দিল্লির এই তৎপরতার মাঝেই বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা প্রকাশ করছেন। তাঁদের মতে, চীনের তৈরি বাঁধটি ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। চীন যদি নদীটির জল আটকে দেয়, তবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে খরা দেখা দেবে। আবার বর্ষাকালে চীন হঠাৎ জল ছাড়লে অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হবে। এই জল-রাজনীতির মোকাবিলা করতেই ভারত এখন এই মরণপণ লড়াইয়ে নেমেছে।

