কর্নাটকে ভারী বৃষ্টির রেড অ্যালার্ট, চরম দুর্যোগের পূর্বাভাস
নিজস্ব প্রতিনিধি: আজ ২ এবং ৩ জুলাই উপকূলীয় কর্নাটকের জেলাগুলিতে অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে 'রেড অ্যালার্ট' জারি করল ভারতের আবহাওয়া দফতর (IMD)। এই সতর্কতা আগামী ৩ জুলাই সকাল সাড়ে ৮টা পর্যন্ত জারি থাকবে।
আবহাওয়াবিদদের মতে, এই সময়ে ওই অঞ্চলে ২০৪.৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।
কর্নাটক রাজ্য প্রাকৃতিক দুর্যোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (KSNDMC) রিপোর্ট অনুযায়ী, ১ জুলাই সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় উপকূলীয় কর্নাটকে গড়ে ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময়ে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ থাকে ৪১ মিলিমিটার, যার তুলনায় এবার বৃষ্টি অনেকটাই বেশি।
দক্ষিণ কন্নড় জেলার ম্যাঙ্গালোরের মান্নাগুড্ডা সহ বিভিন্ন এলাকা ইতিমধ্যে জলমগ্ন। জেলার তথ্য অনুযায়ী, ১ জুলাই সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মুলকি এলাকায়, যার পরিমাণ প্রায় ১৯৯.৫ মিলিমিটার। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

