দেশ
কাশ্মীরে ৫ দিনের রুদ্ধশ্বাস তল্লাশি, খতম শীর্ষ লস্কর কমান্ডার জাকির
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার সাইদপোরা এলাকায় টানা পাঁচ দিন ধরে চলা রুদ্ধশ্বাস তল্লাশি অভিযানের পর এনকাউন্টারে খতম করা হল লস্কর-ই-তইবার শীর্ষ জঙ্গি কমান্ডার জাকির আহমেদ গনিকে। বুধবার সকালে সেনা ও পুলিশের যৌথ বাহিনী তার মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ।
পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, গত ৩ জুলাই সোপিয়ান জেলার সাইদপোরা ও মেমান্দার এলাকার একটি ফলের বাগানে নিরাপত্তা বাহিনীর নজরদারি ক্যামেরায় ধরা পড়ে দুই জঙ্গির গতিবিধি। তারা ছিল গোয়েন্দাদের ‘হিট লিস্টে’ এ++ (A++) ক্যাটাগরিতে থাকা মোস্ট ওয়ান্টেড লস্কর কমান্ডার জাকির আহমেদ গনি (জাকির গানাই) এবং তার সঙ্গী লতিফ ভাট। এরপরই ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ (SOG) এবং সিআরপিএফ (CRPF) যৌথভাবে গোটা এলাকা ঘিরে ফেলে চিরুনি তল্লাশি শুরু করে।
ঘন ফলের বাগান এবং গ্রীষ্মকালীন সবুজ পাতার আড়ালকে কাজে লাগিয়ে জঙ্গিরা যাতে কোনোভাবেই পালিয়ে যেতে না পারে, তার জন্য সেনার বিশেষ কাউন্টার-ইনসার্জেন্সি ইউনিট ‘ভিক্টর ফোর্স’ সবকটি রাস্তা সিল করে দেয়। রাতেও কড়া নজরদারির জন্য ফ্লাডলাইটের মাধ্যমে পুরো এলাকা আলোকিত করে রাখা হয়েছিল। দীর্ঘ ৫ দিন ধরে চলা এই অপারেশনে নিরাপত্তা বাহিনী ক্রমশ পরিধি ছোট করে আনলে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাবে যৌথ বাহিনীর গুলিতে খতম হয় জাকির গনি।
এই বড় সাফল্যের পর জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লেখা হয়, “তোমরা দৌড়াতে পারো, কিন্তু লুকিয়ে থাকতে পারো না।” এলাকার বাকি জঙ্গিদের খোঁজে এখনও অভিযান জারি রেখেছে নিরাপত্তা বাহিনী।

