দেশ
কাশ্মীরজুড়ে ফের পণ্ডিতদের হুমকি!
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: উপত্যকায় বেছে বেছে কাশ্মীরি পণ্ডিতদের নিশানা করা এবং হুমকি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই জম্মু-কাশ্মীরে চরম উত্তেজনা ছড়িয়েছে। এই স্পর্শকাতর পরিস্থিতির মাঝেই এবার অত্যন্ত বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক পারদ চড়ালেন ন্যাশনাল কনফারেন্স নেতা তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তার অভাবের দাবিকে কার্যত নস্যাৎ করে তিনি প্রশ্ন তোলেন, “কাশ্মীরি পণ্ডিতদের হুমকি দেওয়া হলে, উপত্যকায় থাকা অন্য হিন্দুরা কেন হুমকির মুখে পড়ছেন না?” শুধু তাই নয়, গোটা বিষয়টির পিছনে গভীর ‘ষড়যন্ত্র’ রয়েছে বলেও অভিহিত করেছেন তিনি।
বুধবার অনন্তনাগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফারুক আবদুল্লা কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে একগুচ্ছ বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, “জম্মু-কাশ্মীরের বাইরের বহু হিন্দু বর্তমানে এখানে বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে কর্মরত রয়েছেন। কিন্তু কেন শুধু বেছে বেছে কাশ্মীরি পণ্ডিতদেরই হুমকি দেওয়া হচ্ছে? উপত্যকার বাইরে থেকে আসা অনেক হিন্দু এখানে পুলিশের ডিজি, ডিআইজি কিংবা এসপি পদে বহাল তবিয়তে কর্মরত। তাঁদের কেন কোনো হুমকি দেওয়া হচ্ছে না?”
সম্প্রতি কাশ্মীরি পণ্ডিতদের নিশানায় নিয়ে জঙ্গিদের তরফে এমন দুটি চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘যেসব কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীর ছাড়েননি তাঁরা নিরাপদে আছেন এবং থাকবেন। কিন্তু যারা চলে গিয়েছেন এবং এখানে আরএসএসের কর্মসূচি অনুসরণ করছেন এটা তাদের জন্য। আমি আপনাদের আগেও সতর্ক করেছি, এই সব লোকেদের প্রতিটি পদক্ষেপের উপর আমাদের নজর রয়েছে।’ এই হুমকি চিঠিতে আহমেদ বিলাল নামে এক ব্যক্তির সই রয়েছে। এহেন হুমকি চিঠি সামনে আসতেই তদন্ত নেমেছে পুলিশ।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই উপত্যকার রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কাশ্মীরি পণ্ডিতদের বিভিন্ন সংগঠন ফারুকের এই বক্তব্যকে ‘অসংবেদনশীল’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তীব্র নিন্দা করেছে। স্থানীয়দের একাংশের মতে, যেখানে উপত্যকায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ, সেখানে এই ধরনের মন্তব্য পরিস্থিতিকে আরও উস্কানি দিতে পারে।

