দেশ
সোনিয়াকে বেনজির তোপ কুমারস্বামীর, বিতর্ক তুঙ্গে
প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কংগ্রেস সদর দপ্তরে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে জাতীয় রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। এই ইস্যুতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। কংগ্রেস নেত্রীর বিদেশি প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, “ওঁর শরীরে ইটালিয়ান রক্ত বইছে”। কেন্দ্রীয় মন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে পালটা দিয়েছে কংগ্রেসও।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনিয়া গান্ধীর তীব্র সমালোচনা করেন কুমারস্বামী। তিনি বলেন, “বন্দে মাতরমকে প্রত্যেকের সম্মান করা উচিত। কিন্তু সোনিয়া গান্ধীর কাছ থেকে আর কী-ই বা আশা করা যায়? তিনি কি এ দেশের মানুষ? বিয়ের পরই তো তিনি ভারতে এসেছিলেন। তাঁর ধমনিতে তো ইটালিয়ান রক্তই বইছে।” তিনি আরও অভিযোগ করেন, কংগ্রেস সম্ভবত বন্দে মাতরম গানটি পছন্দই করে না। কিন্তু সেজন্য হাত শিবিরের নেতাদের এভাবে সংকীর্ণ মানসিকতা প্রদর্শনের কোনো প্রয়োজন নেই। সোনিয়ার ত্যাগ নিয়ে প্রশ্ন তুলে কুমারস্বামী বলেন, “সোনিয়া নিজে কী ত্যাগ করেছেন? তাঁর স্বামী রাজীব গান্ধী ত্যাগ করেছিলেন। সোনিয়া ভারতীয় নন, সেই কারণেই তিনি ভারতীয় ভাবাবেগের বিরোধিতা করছেন।”
কেন্দ্রীয় মন্ত্রীর এই ব্যক্তিগত আক্রমণের কড়া জবাব দিয়েছে কংগ্রেস। কর্নাটকের কংগ্রেস নেতা রিজওয়ান আরশাদ পালটা তোপ দেগে বলেন, “কুমারস্বামী একজন চরম হতাশ ব্যক্তি। সোনিয়া গান্ধী সম্পর্কে এমন আপত্তিকর মন্তব্য করার আগে ওঁর জানা উচিত যে, এ দেশের বহু নাগরিকের চেয়েও কংগ্রেস নেত্রী অনেক বেশি ভারতীয়।” তিনি আরও মনে করিয়ে দেন, সোনিয়ার স্বামী তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এই ভারতের জন্যই নিজের জীবন উৎসর্গ করেছিলেন। সোনিয়া গান্ধী আজীবন এক ঐক্যবদ্ধ ও ন্যায়পরায়ণ ভারতের জন্যই লড়াই করে আসছেন।
রাজনৈতিক মহলের মতে, বন্দে মাতরম বিতর্ককে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের সংঘাত এবার সোনিয়া গান্ধীর সঙ্গে যোগ হল। উল্লেখ্য, কংগ্রেস অবশ্য আগেই এই অভিযোগ খারিজ করে জানিয়েছে, গান থামাতে নয়, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বসার চেয়ার নিয়ে আসার জন্য ইশারা করেছিলেন সোনিয়া।

