দেশ
১৬ বছর পর দেশে ফিরছেন ললিত
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ ১৬ বছরের নির্বাসন কাটিয়ে অবশেষে ভারতে ফিরতে চলেছেন ললিত মোদি। ২০০৯ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সংক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বড় মামলায় আদালতে বিরাট স্বস্তি পেয়েছেন তিনি। অ্যাপেলেট ট্রাইব্যুনাল ইডির দেওয়া শাস্তির নির্দেশ এবং সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়ায় আইপিএলের এই ‘প্রতিষ্ঠাতার’ দেশে ফেরার পথ এখন পুরোপুরি পরিষ্কার।
ঘটনার সূত্রপাত ২০০৯ সালে, যখন লোকসভা নির্বাচনের কারণে আইপিএল ভারত থেকে দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই সময় তৎকালীন আইপিএল কমিশনার ললিত মোদি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (ফেমা) লঙ্ঘনের অভিযোগ আনে ইডি। তদন্তকারী সংস্থার দাবি ছিল, রিজার্ভ ব্যাঙ্কের আগাম অনুমতি ছাড়াই আইপিএল আয়োজনের নামে বিদেশি সংস্থাগুলিকে অন্তত ২৪৩ কোটি টাকা বেআইনি ভাবে পাঠানো হয়েছিল। এই আর্থিক দুর্নীতির জেরে ২০১৮ সালে ইডির তরফে বোর্ডের তৎকালীন সভাপতি এন শ্রীনিবাস এবং ললিত মোদি সহ একাধিক কর্তাকে বড় অঙ্কের জরিমানা ও শাস্তির নির্দেশ দেওয়া হয়।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ট্রাইব্যুনালের রায়ে ললিত মোদির জয় হলো। ট্রাইব্যুনাল স্পষ্ট জানিয়েছে ললিত মোদির বিরুদ্ধে ইডির আনা আর্থিক জরিমানার নির্দেশ সম্পূর্ণ ত্রুটিপূর্ণ ছিল। যখন এই অর্থ দেশে ফেরত আনা হয়েছিল, ততদিনে ললিত মোদি আইপিএল কমিশনারের পদ থেকে অপসারিত হয়েছিলেন। তাই ফেমা লঙ্ঘনের দায় তাঁর ওপর বর্তায় না।
আদালতের এই রায়ের পর উচ্ছ্বসিত ললিত মোদি জানিয়েছেন, তিনি সবসময় ভারতীয় ক্রিকেটের ভালোর জন্যই কাজ করেছিলেন। সত্যের জয় হওয়ায় তিনি অত্যন্ত খুশি এবং চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতেই মাতৃভূমিতে পা রাখবেন।

