বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

চলন্ত গাড়িতে বিস্ফোরণ, বাঁচলেন প্রেমিকা, মৃত প্রেমিক 

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬
চলন্ত গাড়িতে বিস্ফোরণ, বাঁচলেন প্রেমিকা, মৃত প্রেমিক 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: চলন্ত গাড়িতে হঠাত্ তীব্র বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুনে জ্বলে উঠল গোটা গাড়িটি। বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে বিপদ টের পেয়ে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন প্রেমিকা রম্যা। তবে জ্বলন্ত গাড়ি থেকে বের হতে না পেরে ভেতরেই আগুনে পুড়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হল প্রেমিক নাগেন্দ্রর। 

রবিবার সকালে কর্নাটকের তুমাকুরু জেলার ৪৮ নম্বর জাতীয় সড়কে (NH-48) এই শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর বাসিন্দা ওই যুগল রবিবার সকালে গাড়ি নিয়ে ৪৮ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। তুমাকুরু জেলার কাছে চলন্ত গাড়ির ভেতরে হঠাতই একটি বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বিপদ আসন্ন বুঝতে পেরে চলন্ত গাড়ি থেকেই দরজা খুলে বাইরে লাফ দেন রম্যা। এর ফলে তিনি গুরুতর জখম হলেও তাঁর প্রাণ রক্ষা পেয়েছে।তবে চালকের আসনে থাকা নাগেন্দ্র গাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাননি। আগুন এত দ্রুত গাড়িটিকে গ্রাস করে যে তিনি ভেতরেই আটকে পড়েন। জ্যান্ত পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়েই দ্রুত সেখানে পৌঁছায় দমকল বাহিনী এবং স্থানীয় পুলিশ। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।

আহত রম্যাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে। পুলিশ মৃত নাগেন্দ্রর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। চলন্ত গাড়িতে এই রহস্যজনক বিস্ফোরণ কীভাবে ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিক তদন্তে গাড়ির ভেতরে থাকা কোনো দাহ্য পদার্থ বা যান্ত্রিক ত্রুটির জেরে এই দুর্ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।