মুম্বইয়ে ৩ কোটি টাকার হেরোইন উদ্ধার: পুলিশের জালে যুবক
নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক পাচার চক্রের একটি বড়সড় রেকেট ফাঁস করল মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি)। বাণিজ্য নগরীতে কোটি কোটি টাকার মাদক পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল এক তরুণ। ধৃতের কাছ থেকে প্রায় ৭৫০ গ্রাম উচ্চ মানের হেরোইন উদ্ধার করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকারও বেশি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুভান গাদা (২০)। সে মূলত উত্তরাখণ্ডের বাসিন্দা। মুম্বইয়ের একটি নির্দিষ্ট এলাকায় বিপুল পরিমাণ মাদক হাতবদল হতে চলেছে— গোপন সূত্রে ঠিক এমনটাই খবর পেয়েছিলেন অ্যান্টি-নারকোটিক্স সেলের কান্দিভলি ইউনিটের আধিকারিকরা। সেই তথ্যের ভিত্তিতেই সংশ্লিষ্ট এলাকায় ওত পেতে ছিলেন তদন্তকারীরা। সুভান সেখানে পৌঁছাতেই তার গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ হেরোইন।নেপথ্যে আন্তর্জাতিক চক্রের টান:প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ধৃত তরুণ মাদক চক্রের একজন কুরিয়ার বা 'কেরিয়ার' হিসেবে কাজ করছিল। উত্তরাখণ্ড থেকে এই মাদক মুম্বইয়ের স্থানীয় ড্রাগ ডিলারদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। এত কম বয়সী একজন তরুণের কাছে ৩ কোটি টাকার মাদক উদ্ধারের ঘটনায় রীতিমতো উদ্বেগে তদন্তকারীরা। এই চক্রের মূল পান্ডা কে এবং উত্তরাখণ্ড থেকে মুম্বই পর্যন্ত বিস্তৃত এই মাদক নেটওয়ার্কের সুতো কোথায় কোথায় জড়িয়ে রয়েছে, তা জানতে ধৃতকে হেফাজতে নিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছে এএনসি।ধৃত সুভানের বিরুদ্ধে মাদক বিরোধী আইন বা এনডিপিসি (NDPS) অ্যাক্টের আওতকায় মামলা রুজু করা হয়েছে। মাদক পাচারের এই আন্তর্জাতিক রুটটি সম্পূর্ণ উপড়ে ফেলতে তৎপর হয়েছে মুম্বই পুলিশ।

