দেশ
মুম্বইয়ে পৃথক ঘটনায় দুই কিশোরের ডুবে মৃত্যু, আন্ধেরিতে গাছ ভেঙে আহত প্রৌঢ়
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ের কান্দিভালি পশ্চিম এলাকায় দুটি পৃথক ঘটনায় দুই কিশোরের জলে ডুবে মৃত্যুর খবর মিলেছে। উদ্ধারকাজে ফায়ার ব্রিগেড, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (NDRF) নামানো হয়। অন্যদিকে, আন্ধেরিতে ভারী বৃষ্টির জেরে গাছের ডাল ভেঙে পড়ে এক পথচারী গুরুতর আহত হয়েছেন।
জানা গিয়েছে, চারকোপে তলাও-এ ডুবে ১৭ বছরের কিশোরের মৃত্যুরবিবার দুপুরে কান্দিভালি পশ্চিমের চারকোপ গাঁও এলাকার দিঙ্গেশ্বর তলাও-এ (পুকুর) প্রথম দুর্ঘটনাটি ঘটে। মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (BMC) ফায়ার ব্রিগেড কন্ট্রোল রুম জানিয়েছে, দুপুর ২টা ১৮ মিনিট নাগাদ ১৭ বছর বয়সী এক কিশোর পুকুরের জলে ডুবে যায়। খবর পেয়েই ফায়ার ব্রিগেডের কর্মীরা তল্লাশি অভিযান শুরু করেন। পরবর্তীতে উদ্ধারকাজের গতি বাড়াতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও (NDRF) তলব করা হয়।
অন্যদিকে কুয়োর জলে ডুবে ১৬ বছরের নাবালকের মৃত্যু হয়েছে। কান্দিভালি পশ্চিমেরই এমজি ক্রস রোডের সাগওয়াড়ি চালের পেছনের একটি কুয়োয়। গত ৫ জুলাই দুপুর ১টা ৪৭ মিনিট নাগাদ ১৬ বছর বয়সী প্রীত সন্দীপ গানভে নামের এক কিশোর কুয়োর জলে ডুবে যায়। তবে কর্তৃপক্ষকে বিষয়টি ৭ জুলাই দুপুর নাগাদ জানানো হয়। ফায়ার ব্রিগেডের কর্মীরা দড়ি এবং মইয়ের সাহায্যে কিশোরটিকে উদ্ধার করে দ্রুত ‘নিধি হাসপাতালে’নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
আন্ধেরিতে গাছের ডাল ভেঙে আহত পথচারীটানা ভারী বৃষ্টির জেরে বুধবার সকাল ১০টা নাগাদ আন্ধেরির নাগরদাস রোডে একটি বড় গাছের ডাল ভেঙে পড়ে আদেশ গাইকার (৫০) নামে এক পথচারীর ওপর। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুপার হাসপাতালের আইসিইউ-তে (ICU) ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। ফায়ার ব্রিগেড, বিএমসি-র গার্ডেন ডিপার্টমেন্ট এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কারের কাজ করে। উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে মুম্বইয়ে গাছ ভেঙে পড়ার পৃথক ঘটনায় ইতিমিধ্যেই এক ১১ বছরের শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

