মেরিন ড্রাইভের রাস্তা হচ্ছে ৮ থেকে ১৩ লেনের, অনুমোদন পেল MMRDA
নিজস্ব প্রতিনিধি: বাণিজ্যনগরী মুম্বাইয়ের অন্যতম ব্যস্ত এলাকা মেরিন ড্রাইভে যানজটের চেনা ছবি এবার বদলে যেতে চলেছে। অরেঞ্জ গেট টানেলের (Orange Gate Tunnel) মুখে তৈরি হওয়া তীব্র যানজট সামাল দিতে চার্নি রোড স্টেশনের কাছে মেরিন ড্রাইভের রাস্তাকে বর্তমানের ৮ লেন থেকে বাড়িয়ে এক ধাক্কায় ১৩ লেনে উন্নীত করার মেগা প্রস্তাবে সবুজ সংকেত দিল প্রশাসন। মুম্বাই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (MMRDA) এই সড়ক সম্প্রসারণ প্রকল্পের জন্য প্রয়োজনীয় নীতিগত অনুমোদন পেয়ে গিয়েছে।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, অতিরিক্ত লেনগুলি তৈরির জন্য মেরিন ড্রাইভের রাস্তাটিকে সমুদ্রের দিকে কিছুটা সম্প্রসারিত করা হবে। সড়ক চওড়া করার পাশাপাশি সাধারণ মানুষ ও পর্যটকদের আকর্ষণের কথা মাথায় রেখে সমুদ্রের ধার ঘেঁষে ১২০ মিটার দীর্ঘ একটি অত্যাধুনিক প্রমোদভ্রমণের জায়গা বা নতুন 'প্রমিনেড' (Promenade) তৈরি করার পরিকল্পনাও রয়েছে এমএমআরডিএ-র।
তবে সমুদ্রের অংশে এই নির্মাণ কাজের জন্য এখন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের (MoEFCC) চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষা করা হচ্ছে।
কেন এই মহাপ্রকল্প? অরেঞ্জ গেট টানেল এবং কোস্টাল রোডের সংযোগস্থলের কারণে চার্নি রোড ও মেরিন ড্রাইভ চত্বরে গাড়ির চাপ প্রতিনিয়ত বাড়ছে। পিক-আওয়ারে এই ক্রসিংয়ে হাজার হাজার গাড়ি এসে থমকে যায়। এমএমআরডিএ-র আধিকারিকদের দাবি, রাস্তাটি ১৩ লেনের হয়ে গেলে টানেল থেকে বের হওয়া বা টানেলে ঢোকার মুখে কোনো গাড়ির গতি থমকে যাবে না। যান চলাচল হবে একদম মসৃণ।পরিবেশ মন্ত্রকের ছাড়পত্র মিললেই দ্রুত এই প্রকল্পের টেন্ডার বা দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। এই মেগা প্রজেক্ট সম্পন্ন হলে মুম্বাইয়ের ট্রাফিক ব্যবস্থায় এক বড়সড় বৈপ্লবিক বদল আসবে বলেই আশাবাদী নগর পরিকল্পনাবিদরা।

