টোটোয় অস্ত্র পাচার রুখল পুলিশ, পিস্তল-সহ ধৃত ২ যুবক
মানালি দত্ত, মুর্শিদাবাদ: টোটোতে করে আগ্নেয়াস্ত্র পাচারের ছক বানচাল করল মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি ৭ এমএম পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ-সহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম হাকিম বিশ্বাস এবং রহমান মন্ডল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার মধ্যরাত্রে একটি টোটো গাড়িতে করে দুই যুবক সাগরপাড়ার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর আসে, টোটোয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র পাচার হচ্ছে। খবর পেয়েই সাগরপাড়া থানার পুলিশ নীলাম্বর পাড়া এলাকায় নাকা চেকিং শুরু করে। সন্দেহভাজন টোটোটিকে আটক করে তল্লাশি চালাতেই মেলে সাফল্য।
তল্লাশিতে উদ্ধার হয় একটি ৭ এমএম পিস্তল এবং দুই রাউন্ড তাজা কার্তুজ। সঙ্গে সঙ্গেই হাকিম ও রহমানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জেরায় ধৃতরা স্বীকার করেছে, অস্ত্রগুলি পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিশের অনুমান, এর পিছনে বড় কোনও অস্ত্র পাচার চক্র সক্রিয় রয়েছে। ধৃতদের জেরা করে চক্রের বাকি সদস্যদের খোঁজ এবং অস্ত্রের উৎস জানার চেষ্টা চলছে। অস্ত্রগুলি কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার ধৃতদের জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাগরপাড়া থানার এই সাফল্যকে বড় ধরনের সাফল্য হিসেবেই দেখছে জেলা পুলিশ।

