দেশ
নীট পরীক্ষায় ব্যর্থ হয়ে সোজা ‘ব্রিগেডিয়ার’! উত্তরপ্রদেশে পাকড়াও ২১ বছরের তরুণ
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ ‘‘ফেক ইট টিল ইউ মেক ইট’’— অর্থাৎ সফল না হওয়া পর্যন্ত সফল হওয়ার ভান করে যাওয়া। এই বহুল প্রচলিত নীতিকেই সম্পূর্ণ বেআইনি এক চরম পর্যায়ে নিয়ে গিয়েছিলেন উত্তরপ্রদেশের শাহজাহানপুরের বাসিন্দা, ২১ বছর বয়সি তরুণ আরিয়ান বর্মা। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ‘নীট’ (NEET)-এ পরপর দু’বার ব্যর্থ হওয়ার পর, পড়াশোনা ছেড়ে তিনি সোজা ভারতীয় সেনাবাহিনীর অন্যতম উচ্চপদস্থ কর্মকর্তা বা ‘ব্রিগেডিয়ার’ সেজে বসার এক অবিশ্বাস্য ছক কষেছিলেন। তবে শেষ রক্ষা হলো না, সেনাবাহিনীর পাতা চতুর ফাঁদে পা দিয়ে অবশেষে শ্রীঘরে স্থান হলো এই নকল ব্রিগেডিয়ারের।
জেরায় আরিয়ান জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর মেডিকেল কোরে ডাক্তার হিসেবে যোগ দেওয়া তাঁর আজীবন স্বপ্ন ছিল। কিন্তু অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ নীট পরীক্ষায় দু’বার অনুত্তীর্ণ হওয়ার পর সে বাস্তবতার মুখোমুখি হতে ভয় পাচ্ছিল। উদ্যানপালন বিভাগের পরিদর্শক বাবা এবং সরকারি স্কুলশিক্ষিকা মায়ের প্রত্যাশা পূরণ করতে সে বাড়িতে মিথ্যে বলে যে, সে সেনাবাহিনীতে 'ব্রিগেডিয়ার' পদে নির্বাচিত হয়েছে এবং চণ্ডীগড়ের কমান্ড হাসপাতালে তার পোস্টিং হয়েছে।
নিজের এই কাল্পনিক গল্পকে সত্যি প্রমাণ করতে আরিয়ান নিখুঁত সব ব্যবস্থা করেছিল। সে দর্জির কাছ থেকে ব্রিগেডিয়ারের জমকালো ইউনিফর্ম বানিয়ে নেয় এবং ‘আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ’ (AFMC)-এর ডিনের জাল সিলমোহর ব্যবহার করে ভুয়া পরিচয়পত্র তৈরি করে। নিজের ব্যক্তিগত টাটা হ্যারিয়ার এসইউভি গাড়িতে সেনাবাহিনীর ওয়ান-স্টার প্লেট, ফ্ল্যাশার এবং সেনা সদর দপ্তরের পতাকা লাগিয়ে নেয়। নিজেকে বড় অফিসার দেখাতে সে দৈনিক ২,০০০ টাকা চুক্তিতে দু’জন বাউন্সার ভাড়া করে, যাদের এনএসজি (NSG) কমান্ডোদের মতো পোশাক পরিয়ে নিজের বডিগার্ড বানিয়েছিল।
যেভাবে ফাস হলো কীর্তি
গত দুই মাস ধরে শাহজাহানপুর সেনানিবাস এলাকায় এত কম বয়সি একজন ব্রিগেডিয়ারের সন্দেহজনক ঘোরাফেরা স্থানীয় প্রাক্তন সেনাকর্মীদের নজরে আসে। মাত্র ২১ বছর বয়সে কীভাবে কেউ সেনাবাহিনীর এত বড় পদে পৌঁছাতে পারে, তা নিয়ে তাঁদের খটকা লাগে। তাঁরা বিষয়টি সেনা কর্মকর্তাদের (Military Intelligence) জানান।
এরপর আরিয়ানের অহংকারকে কাজে লাগিয়ে একটি ফাঁদ পাতা হয়। সেনা কর্মকর্তারা সাধারণ নাগরিক সেজে তাঁকে সেনানিবাসের 'শহীদ মিউজিয়াম'-এ একটি অনুষ্ঠানে ছাত্রদের অনুপ্রাণিত করার জন্য 'প্রধান অতিথি' হিসেবে আমন্ত্রণ জানান।
গত শুক্রবার সকালে পূর্ণ সামরিক পোশাকে ও ভাড়াটে কমান্ডোদের নিয়ে আরিয়ান যেমনই গাড়ি থেকে নামে, ওমনি ওত পেতে থাকা সেনা সদস্যরা তাঁকে ও তাঁর সহযোগীদের হাতেনাতে আটক করে। তল্লাশিতে তাঁর কাছ থেকে একটি নকল এয়ার পিস্তল, ভুয়া ভিজিটিং কার্ড এবং জাল নথিপত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পুলিশ এবং সেনা গোয়েন্দারা তাঁকে হেফাজতে নিয়ে এই চক্রে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে।

