বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

রেনকোজি মন্দিরের ‘ভস্ম’ ফেরাতে সুপ্রিম কোর্টে নেতাজি-কন্যা, মোদি সরকারকে নোটিস দিল শীর্ষ আদালত

প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬
রেনকোজি মন্দিরের ‘ভস্ম’ ফেরাতে সুপ্রিম কোর্টে নেতাজি-কন্যা, মোদি সরকারকে নোটিস দিল শীর্ষ আদালত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক থাকলেও জাপানের রেনকোজি মন্দিরে রাখা অস্থিভস্ম যে নেতাজি সুভাষচন্দ্র বসুরই, তা নিয়ে অনড় তাঁর কন্যা অনিতা বসু পাফ। দীর্ঘদিনের সেই দাবিকে আইনি মান্যতা দিতে এবং ওই ভস্ম ভারতে ফিরিয়ে এনে শেষকৃত্য সম্পন্ন করার আর্জি জানিয়ে এবার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন তিনি। সুপ্রিম কোর্টে এই মামলার তাৎপর্যপূর্ণ শুনানিতে আবেদনকারীর পক্ষে সওয়াল করেন প্রখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বেঞ্চের কাছে জোরালো সওয়াল করে বলেন, নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর বিষয়ে এবার ভারত সরকারকেই সরাসরি উদ্যোগ নিতে হবে। 

জার্মানি থেকে এই মামলার শুনানিতে অনলাইনে যুক্ত ছিলেন খোদ অনিতা পাফ। তাঁর আবেদন ও আইনজীবীর সওয়াল শোনার পর সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ নরেন্দ্র মোদি সরকারকে একটি নোটিস ইস্যু করেছে। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে নিজেদের অবস্থান ও বক্তব্য হলফনামা আকারে স্পষ্ট করে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই মামলার পরবর্তী শুনানি হবে। যদিও রেনকোজি মন্দিরে রাখা এই তথাকথিত অস্থিভস্ম আদৌ নেতাজির কি না, তা নিয়ে বিতর্ক আজও কাটেনি। নেতাজি গবেষক এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের একাংশ এই তত্ত্ব মানতে নারাজ। 
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁরাও আগামী দিনে এই মামলায় পক্ষভুক্ত বা যুক্ত হতে চেয়ে আবেদন করবেন। তাঁর মতে, যেখানে নেতাজির অন্তর্ধান বা মৃত্যু রহস্যেরই আজ পর্যন্ত সরকারিভাবে কোনো কিনারা হয়নি, সেখানে জাপানের ওই ভস্মকে নেতাজির বলে মেনে নেওয়া যায় না। ফলে মোদি সরকার সুপ্রিম কোর্টে কী জবাব দেয়, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

আরও দেশ খবর