দেশ
অনলাইন গেমিং অ্যাপের আড়ালে ভারতে জাল ছড়াচ্ছে পাক গ্যাংস্টার শাহজাদ
প্রকাশিত: ৯ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: ভারতের কিশোর ও যুবসমাজকে টার্গেট করে অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে অপরাধের জাল বিস্তার করছে পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি। সম্প্রতি দিল্লি পুলিশের স্পেশাল সেলের হাতে ধরা পড়া তিন নাবালককে জেরার পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গোয়েন্দাদের দাবি, আন্তর্জাতিক এই অপরাধচক্রের মূল পান্ডা ভাট্টি সীমান্ত পার থেকেই ভারতের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করছে।
জানা গিয়েছে, ফ্রি ফায়ার বা পাবজি-র মতো জনপ্রিয় অনলাইন ব্যাটল রয়্যাল গেমের চ্যাট রুমকে ব্যবহার করা হতো। তারপর কমবয়সি খেলোয়াড়দের টার্গেট করে প্রথমে বন্ধুত্ব পাতানো এবং পরে কাঁচা টাকার লোভ দেখিয়ে মগজধোলাই করা হতো। প্রথম দিকে ছোটখাটো অনলাইন কাজ বা গেমের কয়েন জেতার লোভ দেখিয়ে পরে তাদের অপরাধমূলক কাজে নামানো হতো।
দিল্লি পুলিশের স্পেশাল সেল জানিয়েছে, ধৃত তিন নাবালককে একটি নির্দিষ্ট অপরাধমূলক অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল। তাদের জেরার পর জানা গেছে, অপরাধের ব্লুপ্রিন্ট তৈরি হতো পাকিস্তানে বসে। কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি নিজেই এই চক্রের সুতো নাড়াচ্ছে। ধৃত নাবালকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ডার্ক ওয়েবের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে টাকা লেনদেন করা হতো।
দিল্লি পুলিশের এক পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, এটি কেবল সাধারণ কোনো অপরাধ নয়, বরং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক বড়সড় হুমকি। পাকিস্তানি গ্যাংস্টাররা যেভাবে ভারতীয় শিশুদের অপরাধের অন্ধকার জগতে টেনে আনছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এই চক্রের পেছনে কোনো জঙ্গি যোগসূত্র বা বড় কোনো সিন্ডিকেট কাজ করছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের পরিধি আরও বাড়ানো হয়েছে। গেমিং অ্যাপগুলির ওপর নজরদারি চালানোর জন্য কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করছে পুলিশ।

