পাকিস্তানি চর! চীন সীমান্তের কাছ থেকে গ্রেপ্তার ১৯ বছরের তরুণ
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সিকিমের শান্ত পাহাড়ের আড়ালে লুকিয়ে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীর চর! তাও আবার ভারত-চীন সীমান্তের একেবারে কোল ঘেঁষে। গ্যাংটকের এক সাধারণ ব্যবসায়ীর ছদ্মবেশে পাকিস্তানের জঙ্গি সংগঠনের হয়ে চরবৃত্তি করার অভিযোগে গ্রেপ্তার করা হল এক ১৯ বছরের তরুণকে। ধৃতের নাম মহম্মদ আরজু। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং সিকিম পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, ধৃত আরজু সিকিমের নামনাং এলাকার বাসিন্দা। গ্যাংটকের ব্যস্ততম এলাকা লোয়ার এম জি মার্গে বাবার সঙ্গে একটি পানের দোকান চালাত সে। কিন্তু এই অতি সাধারণ ব্যবসার আড়ালেই লুকিয়ে ছিল তার ভয়ঙ্কর দেশবিরোধী রূপ। চীন সীমান্তের অত্যন্ত কাছাকাছি কৌশলগত অবস্থানে বসে সে পাকিস্তানের জঙ্গিগোষ্ঠীর জন্য গোপন খবরাখবর লেনদেন করছিল।
তদন্তে জানা গেছে, শুধু খবরের আদানপ্রদানই নয়, সিকিমের যুবসমাজকে উগ্রপন্থার দিকে টেনে আনতে সদস্য সংগ্রহের কাজও শুরু করেছিল আরজু। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একাধিক ভারত-বিদ্বেষী পেজ ও অ্যাকাউন্ট খুলেছিল সে। সেই সমস্ত পেজের মাধ্যমে উস্কানিমূলক প্রচার চালিয়ে স্থানীয় যুবকদের একাংশকে আকৃষ্ট করার চেষ্টা করছিল এই ১৯ বছরের তরুণ।
একাধিক গোপন সূত্র থেকে এই ভয়ঙ্কর দেশবিরোধী চক্রের খবর পৌঁছায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের কাছে। আরজুর গতিবিধির ওপর কড়া নজর রাখার পর, গত মঙ্গলবার সিকিম পুলিশকে সঙ্গে নিয়ে গ্যাংটকে একযোগে চিরুনি তল্লাশি চালান গোয়েন্দারা। হাতেনাতে গ্রেপ্তার করা হয় আরজুকে।
তার কাছ থেকে কোনো গোপন নথি, ডিজিটাল ডিভাইস বা ল্যাপটপ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
শান্ত রাজ্য হিসেবে পরিচিত সিকিমে এমন পাকিস্তানি চর নেটওয়ার্কের হদিশ মেলায় সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্নে অত্যন্ত উদ্বেগে প্রশাসন। ধৃতকে জেরা করে এই চক্রের শিকড় কতদূর ছড়িয়ে রয়েছে, তা জানার চেষ্টা চলছে।

