পুলিশকে ঘিরে গণবিক্ষোভ, গাঁজা লুঠ করে পালালো পাচারকারীরা
নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরার খোয়াই জেলায় একটি বড়সড় মাদকবিরোধী অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল। গাঁজা বাজেয়াপ্ত করতে গিয়ে মহকুমা পুলিশ আধিকারিক (SDPO)-এর নেতৃত্বে যাওয়া একটি পুলিশ দলকে উত্তেজিত জনতা শুধু ঘিরেই ধরল না, পুলিশকে আটকে রেখে উদ্ধার হওয়া গাঁজা লুঠ করে চম্পট দিল পাচারকারীরা। বাইজলবাড়ি থানার অন্তর্গত রতনপুরের কাছামাটি এলাকায় এই নাটকীয় ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে রতনপুরের কাছামাটি এলাকায় বিপুল পরিমাণ গাঁজা মজুত থাকার খবর পেয়েছিল প্রশাসন। সেই তথ্যের ভিত্তিতেই শুক্রবার সন্ধ্যায় খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর (TSR) জওয়ানরা ওই এলাকায় যৌথ অভিযান চালান। একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা উদ্ধার করে যখন পুলিশ গাড়িতে তুলছিল, তখনই আচমকা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, পুলিশকে বাধা দিতে মাদক পাচারকারীরা স্থানীয় গ্রামবাসীদের একাংশকে ঢাল হিসেবে ব্যবহার করে। মুহূর্তের মধ্যে পুলিশ দলকে চারদিক থেকে ঘিরে ফেলে উত্তেজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয় এবং সরকারি গাড়ি আটকে বিক্ষোভ দেখানো শুরু হয়। এই চরম বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে পাচারকারীরা পুলিশের কাছ থেকে বাজেয়াপ্ত করা গাঁজার প্যাকেটগুলি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে অন্ধকারের সুযোগে জঙ্গল ও গ্রামের ভেতরে পালিয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। পরবর্তীতে আরও অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ পুলিশ কর্মীদের উদ্ধার করে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুলিশ প্রশাসন। সরকারি কাজে বাধা, পুলিশকে আক্রমণ এবং মাদক ছিনতাইয়ের অভিযোগে জড়িত মূল অভিযুক্ত ও উত্তেজিত জনতাকে চিহ্নিত করতে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে বাইজলবাড়ি থানার পুলিশ। এই ঘটনার পর থেকে গোটা কাছামাটি এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করছে।

