বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

ধর্ষণের মামলা চাপতে টাকা চাওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে নোটিস 

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬
ধর্ষণের মামলা চাপতে টাকা চাওয়ার অভিযোগ, মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে নোটিস 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণের মামলা ধামাচাপা দিতে পাঁচ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের স্ত্রী গুরপ্রীত কৌর। এই অত্যন্ত গুরুতর অভিযোগ সামনে আসতেই স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করল জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে পঞ্জাব সরকার ও পুলিশ প্রশাসনকে ইতিমিধ্যেই নোটিস পাঠিয়েছে কমিশন। আগামী দু’সপ্তাহের মধ্যে পুরো ঘটনাটি খতিয়ে দেখে অ্যাকশন টেকেন রিপোর্ট বা বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের এক প্রাক্তন বিচারপতি মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের স্ত্রীর বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই নড়েচড়ে বসেছে দেশের শীর্ষ মানবাধিকার নিয়ামক সংস্থা। মানবাধিকার কমিশনের এই নোটিস জারির পরেই পালটা আইনি পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রীর স্ত্রী গুরপ্রীত। ওই প্রাক্তন বিচারপতিকে একটি কড়া আইনি চিঠি পাঠিয়েছেন তিনি। গুরপ্রীতের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই অভিযোগের সপক্ষে সমস্ত তথ্যপ্রমাণ হাজির করতে হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রমাণ দিতে না পারেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এই ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ঘিরে ভোটমুখী পঞ্জাবের রাজনৈতিক মহল এক লহমায় উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার তীব্র নিন্দা করে আসরে নেমেছে বিরোধী দলগুলি। এই গুরুতর কেলেঙ্কারির জেরে সরাসরি মুখ্যমন্ত্রীর জবাবদিহি চেয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের মুখে এই ঘটনা শাসকদল আম আদমি পার্টিকে বেশ বড়সড় অস্বস্তিতে ফেলে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরও দেশ খবর