দেশ
মস্কোয় ফিরল রবীন্দ্রনাথের ছবি, শান্তির বার্তা
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বোলপুর: প্রায় এক শতাব্দী পর রাশিয়ার রাজধানী মস্কোয় আবার ফিরল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তুলি। বিশ্বভারতীর রবীন্দ্রভবনের সংগ্রহ থেকে নির্বাচিত ৫৯টি দুর্লভ চিত্রকর্ম নিয়ে বৃহস্পতিবার মস্কোয় শুরু হয়েছে একটি বিশেষ আন্তর্জাতিক প্রদর্শনী। এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘দ্য ওয়ার্ল্ড ইন আ সিঙ্গল নেস্ট: ফলোয়িং দ্য ওয়ে অব টেগোর’। যুদ্ধ, বিবাদ এবং অস্থিরতায় ঘেরা বর্তমান বিশ্বে রবীন্দ্রনাথের এই ছবিগুলি যেন শিল্প, মানবতা এবং শান্তির এক অনন্য প্রতীকী বার্তা বয়ে এনেছে।
১৯৩০ সালে নিজের ছবির প্রদর্শনী করতে প্রথমবার মস্কো সফরে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রাশিয়ার মানুষ সে সময় কবির আঁকা ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। দীর্ঘ ৯৬ বছর পর ফের রাশিয়ার বুকে কবির সেই সৃষ্টি ফিরে আসায় আন্তর্জাতিক শিল্পমহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের ক্ষেত্রেও এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রবীন্দ্রভবনের সংগ্রহশালা থেকে বেছে নেওয়া এই ৫৯টি ছবিতে কবির বিচিত্র ভাবনা এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা জানান, যখন সারা পৃথিবী জুড়ে অশান্তি আর যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে, ঠিক তখনই রবীন্দ্রনাথের ‘বসুধৈব কুটুম্বকম’ বা ‘গোটা বিশ্বই এক নীড়’— এই ভাবনা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কবির আঁকা রেখা ও রঙের ভাষা জাতপাত এবং ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষের মনকে এক সুতোয় বাঁধে।
ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী দেখতে প্রথম দিন থেকেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন। আয়োজকদের আশা, এই প্রদর্শনী কেবল দুই দেশের মানুষের সম্পর্ককেই মজবুত করবে না, বরং বর্তমানের কঠিন সময়ে বিশ্ববাসীকে অহিংসা এবং সহনশীলতার পথ দেখাবে। মস্কোর বুকে রবীন্দ্রনাথের এই প্রত্যাবর্তন আসলে সংস্কৃতির জয়।

