দেশ
রাশিয়ায় মৃত ইন্দ্রজিৎ, দেহ ফেরানোর আর্জি
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: রাশিয়া থেকে মৃত্যুর খবর আসার পর দীর্ঘ ১১ দিন কেটে গেলেও, এখনও ছেলের মরদেহের অপেক্ষায় পথ চেয়ে বসে রয়েছে আলিপুরদুয়ারের এক পরিবার। ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন আলিপুরদুয়ারের শালকুমারহাটের বাসিন্দা, বছর পঁচিশের যুবক ইন্দ্রজিৎ বিশ্বাস। রুশ সেনাবাহিনীর এক সহকর্মী ফোনে এই খবর দিলেও, এখনও পর্যন্ত ইন্দ্রজিতের দেহ হাতে পায়নি তাঁর পরিবার। এমনকী, সরকারিভাবেও এখনও কোনও স্পষ্ট তথ্য না মেলায় চরম অনিশ্চয়তা ও ধন্দ তৈরি হয়েছে যুবকের বাড়ির লোকজনের মনে।
জানা গিয়েছে, উপার্জনের আশায় সুদূর রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন ইন্দ্রজিৎ। পরবর্তীতে তিনি সেখানকার সেনাবাহিনীতে যোগ দেন। গত ১১ দিন আগে রাশিয়ার সেনা দপ্তরের এক সদস্য ফোনে ইন্দ্রজিতের বাড়িতে জানান, ইউক্রেন সীমান্তের যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় মৃত্যু হয়েছে ওই বাঙালি যুবকের। এই খবর আসার পর থেকেই শালকুমারহাটের বিশ্বাস পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু মৃত্যুর খবর এলেও সরকারিভাবে কোনও নিশ্চয়তা না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবা।
ছেলের পরিণতি জানতে এবং তাঁর নিথর দেহটি অন্তত শেষবারের মতো দেশে ফিরিয়ে আনতে এবার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ইন্দ্রজিতের বাবা প্রদীপ বিশ্বাস। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের আধিকারিকেরা পরিবারটিকে আশ্বস্ত করে জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বিদেশমন্ত্রক এবং রাশিয়ার ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রকৃত ঘটনার খোঁজ নেওয়া শুরু হয়েছে।
সাধারণ পরিবারের এই যুবকের এমন আকস্মিক মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের আবহ। যুদ্ধবিধ্বস্ত সুদূর রাশিয়া থেকে ছেলের দেহ আদৌ ঘরে ফিরবে কি না, তা নিয়ে প্রশাসনের দরজায় দরজায় ঘুরছেন অসহায় বাবা।

