বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

প্রাইমারি স্কুল কাউন্সিলে বিপুল টাকার তছরুপ, ধৃত ১

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬
প্রাইমারি স্কুল কাউন্সিলে বিপুল টাকার তছরুপ, ধৃত ১
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের সরকারি ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা তছরুপের এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। চেকবুক জালিয়াতি করে প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইতিমধ্যেই আলপনা সরকার নামে এক যুবতীকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থানার পুলিশ। ধৃত যুবতী শিলিগুড়ির শ্রবণনগর এলাকার বাসিন্দা। তবে এই বড়সড় আর্থিক কেলেঙ্কারির মূল অভিযুক্ত, কাউন্সিলের পেনশন ক্লার্ক রঞ্জন দত্ত আপাতত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ ও কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলের সরকারি অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা গায়েব হওয়ার বিষয়টি নজরে আসতেই শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সুপরিকল্পিতভাবে চেকবুক জালিয়াতি করে ১ কোটি ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। জালিয়াতি হওয়া এই বিপুল অঙ্কের টাকার উৎস খুঁজতে গিয়ে পুলিশ জানতে পারে, প্রায় ১৭ লক্ষ টাকা সরাসরি ধৃত যুবতী আলপনা সরকারের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। সেই সূত্র ধরেই পুলিশ শ্রবণনগর এলাকায় অভিযান চালিয়ে আলপনাকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে এই চক্রের বাকিদের হদিস পাওয়ার চেষ্টা চলছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, এই জালিয়াতির মূল চক্রী কাউন্সিলেরই পেনশন ক্লার্ক রঞ্জন দত্ত। নিজের পদের অপব্যবহার করে সরকারি অ্যাকাউন্ট ও চেকবুকের নাগাল পেয়েছিল সে। ঘটনার পর থেকেই রঞ্জন বেপাত্তা। শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের মতো একটি দায়িত্বশীল সরকারি দফতরে এমন বড়সড় আর্থিক দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই চক্রের সঙ্গে দফতরের আর কোনো উচ্চপদস্থ কর্মী বা ব্যাংক আধিকারিক যুক্ত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।