‘সিম সোয়াপ’ জালিয়াতি নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের
নিজস্ব প্রতিনিধি: আশপাশের সবার ফোনেই দিব্যি টাওয়ার রয়েছে। আপনার নিজের মোবাইল স্ক্রিনের কোণাতেও দেখাচ্ছে নেটওয়ার্ক ‘ফুল’। কিন্তু কোনো কল বা মেসেজ আসছে না। কয়েক মিনিটের জন্য নয়, প্রায় আধ ঘণ্টারও বেশি সময় ধরে নেটওয়ার্কপূর্ণ এলাকায় থাকা সত্ত্বেও আপনার মোবাইলের সিমটি সম্পূর্ণ অকেজো বা বন্ধ হয়ে পড়ে রয়েছে? এমনটা হলে অবহেলা না করে অবিলম্বে সাবধান হন। কারণ সাইবার বিশেষজ্ঞরা বলছেন, আপনি হয়তো ইতিমধ্যেই অত্যন্ত বিপজ্জনক এক আন্তর্জাতিক জালিয়াতি চক্র বা ‘সিম সোয়াপিং’ (SIM Swapping)-এর শিকার হয়ে পড়েছেন। এই জালিয়াতির মাধ্যমে চোখের পলকে খালি হয়ে যেতে পারে আপনার কষ্টার্জিত সঞ্চয়ের ব্যাংক অ্যাকাউন্ট।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার (I4C) এই নতুন ধরণের ডিজিটাল প্রতারণা নিয়ে দেশবাসীকে এক জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে। সাইবার গোয়েন্দারা জানিয়েছেন, এই জালিয়াতিতে প্রতারকরা প্রথমে বিভিন্ন ফিশিং লিংক বা ভুয়ো কল করে গ্রাহকের আধার নম্বর, জন্মতারিখ ও ব্যাংকের জরুরি তথ্য হাতিয়ে নেয়। এরপর মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার (যেমন জিও, এয়ারটেল বা ভোডাফোন) কাস্টমার কেয়ারে যোগাযোগ করে গ্রাহকের পরিচয় নকল করে দাবি করে যে তাঁর আসল সিমটি হারিয়ে গিয়েছে। কোম্পানিকে বোকা বানিয়ে তারা ওই নম্বরেরই একটি নতুন ডুপ্লিকেট বা ক্লোন সিম অ্যাক্টিভেট করিয়ে নেয়।
নতুন সিমটি চালু হওয়া মাত্রই গ্রাহকের সচল আসল সিমটির নেটওয়ার্ক চিরতরে বন্ধ হয়ে যায়। আর এর পরেই শুরু হয় আসল খেলা। আসল গ্রাহকের সিম বন্ধ থাকায়, তাঁর ব্যাংকের সমস্ত ওটিপি (OTP), ট্রানজ্যাকশন অ্যালার্ট এবং পাসওয়ার্ড রিসেট করার যাবতীয় নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকদের হাতের ডুপ্লিকেট সিমে। গ্রাহক কিছু বুঝে ওঠার আগেই ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে সব টাকা গায়েব করে দেয় তারা। আইফোরসি (I4C) স্পষ্ট জানিয়েছে, কোনো কারণ ছাড়া দীর্ঘক্ষণ ফোন থেকে নেটওয়ার্ক চলে গেলে বা সিম ব্লকড দেখালে এক মুহূর্ত সময় নষ্ট না করে অন্য ফোন থেকে টেলিকম সংস্থার সাথে কথা বলুন এবং দ্রুত জাতীয় সাইবার হেল্পলাইন নম্বর ১৯৩০-এ যোগাযোগ করে অভিযোগ দায়ের করুন।

